আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে পৌঁছেছে। এটি গত ৮ জুনের পর সর্বোচ্চ দাম।

এর আগে, আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ডব্লিউটিআই তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে।