টেইলর সুইফটের বিয়েতে কাকে দেখে মুগ্ধ হলেন ক্যামিল কোস্টেক?

, বিনোদন

টেইলর সুইফটের বিয়েতে কাকে দেখে মুগ্ধ হলেন ক্যামিল কোস্টেক?

গত ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পপ তারকা টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির ২০ মিলিয়ন ডলারের জমকালো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফএল তারকা রব গ্রনকোস্কি এবং তার দীর্ঘদিনের প্রেমিকা ক্যামিল কোস্টেক। পিপল ম্যাগাজিনের সাথে আলাপকালে সাবেক নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস চিয়ারলিডার এবং স্পোর্টস ইলাস্ট্রেটেড মডেল ক্যামিল জানান, বিয়েতে এমন একজনকে দেখে তিনি রীতিমতো অভিভূত বা 'স্টারস্ট্রাক' হয়ে পড়েছিলেন।

ক্যামিল বলেন, 'জুলিয়া রবার্টস। আমি সত্যিই খুব মুগ্ধ হয়েছিলাম। তার কথা ভাবলেই আমি সব গুলিয়ে ফেলি। তিনি অসাধারণ। আমি আসলে সেখানে তাকে দেখার আশা করিনি।'

বিয়ের কনের সাজ নিয়েও নিজের মতামত ব্যক্ত করেছেন ক্যামিল। তিনি বলেন, টেইলর সুইফটকে তার কাস্টম ডিওর পোশাকে সত্যিকারের রাজকুমারীর মতো লাগছিল। প্রসঙ্গত, ২০১৩ সালে প্যাট্রিয়টস চিয়ারলিডার থাকাকালীন গ্রনকোস্কির সাথে ক্যামিলের পরিচয় হয়। ২০১৫ সালে তারা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। মাঝখানে তাদের বিচ্ছেদ হলেও পরবর্তীতে তারা আবার এক হন।

টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির এই বিয়েতে ১,০০০-এর বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন। উপস্থিত তারকাদের মধ্যে টম ব্র্যাডি, সেলেনা গোমেজ, তার স্বামী বেনি ব্লাঙ্কো, কার্লি ক্লস এবং পল ম্যাককার্টনি অন্যতম। বিয়েতে গোপনীয়তা বজায় রাখার জন্য অনেক অতিথিকে এনডিএ স্বাক্ষর করতে হয়েছিল এবং সেখানে মোবাইল ফোন বা ভিডিও ধারণের অনুমতি ছিল না।

এদিকে, এনবিএ কিংবদন্তি শ্যাকিল ও'নিলকে এই বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। পিপল ম্যাগাজিনের সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে তিনি কোনো আমন্ত্রণ পেয়েছেন কি না। শ্যাকিল জানান, তিনি কোনো আমন্ত্রণ পাননি। তবে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, 'এটি চিরস্থায়ী হোক।'