ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান ইস্যুতে ওয়াশিংটন এখনো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত আসিয়ান (ASEAN) সম্মেলনে বুধবার তিনি এ কথা বলেন। রুবিও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সবসময়ই কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মতপার্থক্য আলোচনার মাধ্যমে নিরসনে তারা প্রস্তুত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে ইরান সরাসরি এবং পরোক্ষভাবে যোগাযোগ রক্ষা করছে। তবে আলোচনার আগ্রহ নিয়ে তেহরানের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রুবিও বলেন, বর্তমান সমস্যা হলো তারা আলোচনার বিষয়ে আন্তরিক নয়। তিনি আরও বলেন, ইরান যদি আলোচনায় আন্তরিক হয়, তবে যুক্তরাষ্ট্রও আন্তরিক। অন্যথায়, নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় যা কিছু করা প্রয়োজন, ওয়াশিংটন তা করতে পিছপা হবে না।

কূটনৈতিক আলোচনার মাধ্যমে কোনো প্রতিশ্রুতি অর্জিত হলে তা রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন রুবিও। তিনি বলেন, গঠনমূলক আলোচনায় যুক্তরাষ্ট্র সবসময়ই আগ্রহী, তবে শর্ত হলো আলোচনার মাধ্যমে যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা অবশ্যই রক্ষা করতে হবে। অতীতে ইরান প্রতিশ্রুতি রক্ষা করেনি উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এমন ক্ষেত্রে পরিণাম ভোগ করতে হবে।

হরমোজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুবিও বলেন, এটি এমন এক বিপজ্জনক নজির স্থাপন করবে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। তিনি বলেন, যদি মধ্যপ্রাচ্যে এমন নজির সৃষ্টি হয় যে একটি রাষ্ট্র কোনো আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করতে পারে, পথচারী জাহাজের ওপর টোল বসাতে পারে এবং অর্থ না দিলে জাহাজ উড়িয়ে দিতে পারে, তবে তা বিশ্বের অন্যান্য প্রান্তের জন্যও বড় ঝুঁকি তৈরি করবে।

Related posts