বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা সরকারের

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে অধিকতর দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে গড়ে তোলার লক্ষ্যে তা ধাপে ধাপে বেসরকারি খাতের হাতে ন্যস্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২২ জুলাই) ঢাকায় আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি পর্যায়ে সরবরাহের দায়িত্ব পালন করতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের পূর্ণ দায়িত্ব বেসরকারি খাতের হাতে থাকা বাঞ্ছনীয়। তিনি দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পক্ষে মত দেন এবং জানিয়েছেন যে এই উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে।

ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লির উদাহরণ টেনে মন্ত্রী উল্লেখ করেন যে, প্রতিবেশী দেশটিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সফলভাবে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তার মতে, বাংলাদেশের উদ্যোক্তারাও একই ধরনের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম। এ সময় তিনি স্থানীয় বিনিয়োগকারীদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, খুচরা ব্যবসা পরিচালনা করা সরকারের কাজ নয়। বেসরকারি খাত যুক্ত হলে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি বিল আদায় প্রক্রিয়া আরও কার্যকর হবে এবং জবাবদিহিতা বাড়বে। এছাড়া পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রেও বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি। মন্ত্রীর মতে, এই খাতে বড় বাজার থাকায় প্রতিযোগিতা সৃষ্টি হলে সরকারের ওপর থেকে চাপ কমে আসবে।