পাকিস্তানের অস্থির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচারক বহনকারী একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মাস্তুং জেলায় সন্ত্রাসীদের এই হামলায় জেলা বিচারক আব্দুল হাকিম কাকার এবং তার সাথে থাকা নিরাপত্তারক্ষী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। হামলার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় মাস্তুং পুলিশ প্রধান আব্দুল রউফ জানিয়েছেন, বিচারক আব্দুল হাকিম কাকার প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে মাস্তুংয়ের দিকে যাচ্ছিলেন। সেখানে তার মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল। পথিমধ্যে সন্ত্রাসীরা তার গাড়িতে অতর্কিত হামলা চালায় এবং গুলি করে তাদের হত্যা করে।
এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সন্দেহের তীর তাদের দিকেই রয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই এলাকায় নিয়মিত সহিংসতা চালিয়ে আসছে।
পাকিস্তানের বৃহত্তম কিন্তু জনবহুল নয় এমন প্রদেশ বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। পাশাপাশি সেখানে পাকিস্তানি তালেবানের হামলার ঘটনাও ঘটে থাকে। বালুচ লিবারেশন আর্মিকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। বিগত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো একাধিক হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।

