ভারতে শুক্রবার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক সিজেপি’র

ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামীকাল শুক্রবার দেশজুড়ে ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। একই সঙ্গে দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চলমান এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়ায় সাময়িকভাবে বিরতি নিয়েছেন। বৃহস্পতিবার এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, গত কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন তিনি। তবে সন্ধ্যার মধ্যেই তিনি প্রতিবাদস্থলে ফিরে আসবেন বলে জানিয়েছেন।

এদিকে, দিল্লির জন্তর মন্তরে নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ ও শিক্ষা সংস্কারের দাবিতে সিজেপির আন্দোলন চলমান। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সংগঠনটির সঙ্গে আলোচনায় বসার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা জানিয়েছেন, সরকার সিজেপির সঙ্গে আলোচনায় প্রস্তুত এবং প্রতিনিধিরা চাইলে তার বাসভবন বা দপ্তরে বৈঠক করা সম্ভব। তবে সিজেপি সরকারের প্রস্তাবিত স্থান প্রত্যাখ্যান করে জানিয়েছে, আলোচনা হতে হবে জন্তর মন্তর বা এর আশপাশেই। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, নিট-ইউজি প্রশ্নফাঁস ইস্যুতে সরকার সংসদের ফ্লোর লিডারদের নিয়ে বৈঠক করতে পারে এবং পদত্যাগের কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় রাজি হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি জানান, তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের জন্য সিজেপি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রচারসামগ্রী এবং জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার জন্য স্মারকলিপির খসড়া প্রকাশ করেছে। সংগঠনটি স্থানীয় আয়োজকদের ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে প্রশাসনিক অনুমতি নেওয়া এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। সমাবেশ শেষে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।