বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যাচ্ছে। ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে এই ঐতিহাসিক সফরে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি নিশ্চিত করেছে।
সফরের শুরুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে লড়াই। এরপর ১০ সেপ্টেম্বর টনটন এবং ১২ সেপ্টেম্বর ওরচেস্টারে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হবে। ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর ক্যান্টারবারি এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
নারী দলের এই সফরের আগে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাওয়া পুরুষ দল ২০২৭ সালের ২৮ মে লর্ডসে একটি ঐতিহাসিক একমাত্র টেস্ট ম্যাচে অংশ নেবে। ২০১০ সালের পর এটিই হবে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ পুরুষ দলের প্রথম টেস্ট।
উভয় দলের এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড। তিনি বলেন, 'বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি একমাত্র টেস্টের জন্য স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম আমরা তাদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলছি। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকে একটি সাদা বলের সিরিজের জন্য আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত।' গোল্ডের মতে, এই সফরগুলো দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

