আইসিসি প্রধান কৌঁসুলির ভাগ্য নির্ধারণে নিউ ইয়র্কে অভূতপূর্ব ভোট

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের ভবিষ্যৎ নির্ধারণে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা। ব্রিটিশ ব্যারিস্টার করিম খানের বিরুদ্ধে এক নারী সহকর্মীর সাথে যৌন অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে। যদিও তিনি শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। গত দুই বছর ধরে চলা এই ঘটনা বিশ্বজুড়ে আইসিসির ভাবমূর্তির ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।

চলতি বছরের জুন মাসে আইসিসির তদারকি সংস্থা বা ওভারসাইট বডির নির্বাহী কমিটি করিম খানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। কমিটির নথিপত্রে উল্লেখ করা হয় যে, তিনি ‘গুরুতর দায়িত্ব লঙ্ঘন’ এবং ‘যৌন সম্পর্ক’ স্থাপনের মতো অসদাচরণ করেছেন। এছাড়া তিনি ভুক্তভোগী নারীকে অভিযোগ করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে ৫৬ বছর বয়সী করিম খান এই প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করেছেন।

বর্তমানে তার ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের ১২৫টি সদস্য রাষ্ট্রের ওপর। নিউ ইয়র্কে আয়োজিত এই বিশেষ অধিবেশনে একটি ভোটাভুটির মাধ্যমে তার ভাগ্য নির্ধারিত হবে। তবে এই গুরুত্বপূর্ণ সভায় করিম খান সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। গাজায় ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার জেরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার আইনজীবীরা এই অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোনো ন্যায়বিচারের ব্যবস্থায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া নজিরবিহীন।

বর্তমানে করিম খান নিজ দেশ যুক্তরাজ্যের বার স্ট্যান্ডার্ডস বোর্ড কর্তৃক স্থগিতাদেশের মুখে রয়েছেন, যার ফলে তিনি সেখানে আইন পেশা পরিচালনা করতে পারছেন না। আসন্ন গোপন ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকলেও একমাত্র নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা তাকে অপসারণের পক্ষেই ভোট দেবে।

এই পুরো প্রক্রিয়াটি গাজায় ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির তদন্তের সাথে জড়িয়ে পড়েছে। গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আইসিসি ও করিম খান মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনার মুখে পড়েন।

আদালতের অভ্যন্তরীণ অবস্থাও বর্তমানে বেশ জটিল। এপ্রিল মাসে প্রসিকিউটরের কার্যালয়ের একদল কর্মী তদারকি সংস্থার কাছে চিঠি পাঠিয়ে করিম খানের নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে, ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন এই শৃঙ্খলামূলক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়ে একে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

চলতি মাসের শুরুর দিকে, দীর্ঘকাল ধরে আদালতটির সমালোচনা করে আসা মার্কিন যুক্তরাষ্ট্র এই ২৪ বছরের পুরনো প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার লক্ষ্যে একটি প্রচারণার ঘোষণা দিয়েছে। ৫৬ বছর বয়সী করিম খানকে জুন মাসে আনুষ্ঠানিকভাবে আইসিসির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

২০২৪ সালে আদালতটি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। বিশ্লেষকদের মতে, ভোটের ফলাফল যাই হোক না কেন, এই ঘটনায় আদালত বড় ধরনের সংকটের মুখে পড়েছে।