ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান তীব্র বিতর্ক ও প্রতিবাদের মুখে অপরাধচক্র দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে তিনি জানান, শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে কেন্দ্র সরকার অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর দেওয়া ভিডিও বার্তা অনুযায়ী, গত আড়াই মাসে সরকার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিরুদ্ধে একাধিক কার্যকর পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে অপরাধের সঙ্গে জড়িত অনেক অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানান মোদি। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়। প্রায় ২২ লাখ পরীক্ষার্থী যাতে দ্রুত পুনর্নিরীক্ষা বা পরীক্ষার সুযোগ পায়, তা নিশ্চিত করতে নিরলস কাজ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ১৯ তারিখ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সারা দেশ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের খবর পাওয়া যাচ্ছে।
নরেন্দ্র মোদি আরও জানান, সরকারের উদ্যোগ কেবল ফলাফল প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে তার নির্দেশে ইতোমধ্যে ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ বা বিশেষ আদালত গঠন করা হয়েছে, যা কার্যক্রম শুরু করেছে। শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের মতামতের ভিত্তিতে পুরো বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া পার্লামেন্টের দ্বিতীয় সপ্তাহের অধিবেশনে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি বিল পাস করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন।

