জার্মানির বার্লিনে একটি প্যারেড চলাকালীন ভিড়ের ওপর গাড়ি উঠে পড়ার ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে (২০:০০ জিএমটি) বার্লিনের টিয়ারগার্টেন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, একটি সাদা ভ্যান দ্রুতগতিতে প্যারেডস্থলে উপস্থিত মানুষের ভিড়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। বিল্ড (BILD) পত্রিকার প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ভ্যানটি অত্যন্ত দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনার পর পরই জরুরি ডিসপ্যাচ সেন্টারে ব্যাপক হতাহতের সতর্কতা জারি করা হয়। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর ৪৪ জন সদস্যসহ বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী উদ্ধারকাজে অংশ নেন। আহতদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে, তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ প্যারেডস্থলে থাকা লোকজনকে এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে এবং জরুরি সেবাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। আয়োজকরা ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় প্যারেড স্থগিত ঘোষণা করেছেন। গাড়িটি কেন এবং কীভাবে ভিড়ের ওপর উঠে পড়ল বা চালক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

