ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি নিউ ইয়র্কে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন শীতকালকে সামনে রেখে ইউক্রেনের নিরাপত্তা সহযোগিতা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য।
জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, বৈঠকে ইউক্রেনকে অতিরিক্ত এসএএমপি/টি (SAMP/T) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সরঞ্জামগুলো ইউরোপীয় ইউনিয়নের ঋণ কাঠামোর আওতায় অর্থায়নের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। জেলেনস্কি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ জানিয়েছেন, তারা ইউক্রেনের অভ্যন্তরেই এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন। এছাড়া, অংশীদারদের সঙ্গে যৌথভাবে 'ফ্রেয়া' (FREYJA) নামক অ্যান্টি-ব্যালিস্টিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে এবং তারা চলতি বছরই এর প্রথম ফলাফল পাওয়ার আশা করছেন।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা নিয়ে জেলেনস্কির সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। মাক্রোঁ সতর্ক করে বলেন, এই ধরনের হামলার ফলে লাখ লাখ পরিবার বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় পড়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, 'শীত মোকাবিলায় ফ্রান্স ইউক্রেনের পাশে থাকবে এবং জি৭ জ্বালানি গোষ্ঠীও এ বিষয়ে সহায়তা প্রদানে সক্রিয় হবে।'
মাক্রোঁ আরও জানিয়েছেন, ফ্রান্স ও ইউক্রেন ইতিমধ্যে রাডার সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ফ্রান্স ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রও সরবরাহ করবে। এছাড়া, মাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনকে সহায়তা প্রদান এবং কৃষ্ণ সাগরে একটি জ্বালানি যুদ্ধবিরতি ও মরটোরিয়াম বা স্থগিতাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন বলে নিশ্চিত করেছেন।

