স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি গাজার এক ফিলিস্তিনি কিশোরী এবং স্থানীয় শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ওই কিশোরী এবং শিল্পীরা গাজার ধ্বংসস্তূপের মাঝে প্রধানমন্ত্রীর একটি প্রতিকৃতি এঁকেছিলেন।
সোমবার প্রকাশিত ওই ভিডিও বার্তায় সানচেজ ‘লায়ান’ নামের ওই কিশোরীর বার্তার সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি শিল্পীদের এই ‘সুন্দর উদ্যোগের’ প্রশংসা করেন এবং স্পেনের প্রতি ফিলিস্তিনি জনগণের এমন ভালোবাসায় আবেগাপ্লুত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সানচেজ বলেন, “এত কষ্টের মাঝেও তোমরা আমাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের একটি মুহূর্ত খুঁজে পেয়েছ। লায়ান, গাজার সকল শিশু এবং তোমাদের পরিবারের উদ্দেশ্যে আমি খুব সহজ একটি কথা বলতে চাই: পুরো স্পেন তোমাদের কথা শুনছে, তোমাদের দেখছে, তোমাদের ব্যাপারে যত্নশীল এবং তোমাদের ভুলে যায়নি।”
ইসরায়েলি দখলদারিত্ব ও হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি স্পেনের সমর্থন পুনর্ব্যক্ত করে সানচেজ আশা প্রকাশ করেন যে, গাজার শিশুরা ভবিষ্যতে কোনো ভয় ছাড়াই তাদের স্কুলে ফিরে যেতে পারবে এবং শান্তিময় জীবন যাপন করতে পারবে।

