আর্থিক বিষয়ক সাংবাদিকতা সাইট ইনভেস্টোপিডিয়ার নতুন এক প্রতিবেদন অনুযায়ী, একজন আমেরিকান নাগরিকের জন্য কাঙ্ক্ষিত বা 'আমেরিকান ড্রিম' অনুযায়ী জীবনযাপন করতে জীবনকালে মোট ৫৩ লাখ ডলার খরচ হতে পারে। এই হিসাবটি গৃহায়ন, সন্তান লালন-পালন, অবসর জীবন, গাড়ি কেনা, স্বাস্থ্যসেবা, পারিবারিক ছুটি, পোষা প্রাণী এবং বিয়ের আনুষ্ঠানিকতা—এই আটটি প্রধান উপাদানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
গত বছরের ৫ মিলিয়ন বা ৫০ লাখ ডলারের তুলনায় এই খরচ ৪.১% বেড়েছে। শ্রম বিভাগের তথ্যমতে, গত ১২ মাসে সামগ্রিক পণ্যের দাম ৩.৭% বৃদ্ধি পাওয়ায় এই বাড়তি খরচের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ। ইনভেস্টোপিডিয়ার প্রধান সম্পাদক ক্যালেব সিলভারের মতে, এই হিসাবটি মূলত বর্তমান সময়ের বাস্তবতাকে তুলে ধরে। তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিটি নাগরিকের উচিত তাদের নিজস্ব লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী আর্থিক পরিকল্পনা করা।
তবে এই ৫৩ লাখ ডলারের লক্ষ্যমাত্রা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। ইনভেস্টোপিডিয়ার তথ্য অনুযায়ী, স্নাতক ডিগ্রিধারী একজন পূর্ণকালীন কর্মীর ২৫ থেকে ৬৪ বছর বয়স পর্যন্ত আয় হয় প্রায় ৩৬ লাখ ডলার। ২০ বছরের সামাজিক নিরাপত্তা সুবিধা যুক্ত করলেও এই আয় ৪১ লাখ ডলারে গিয়ে দাঁড়ায়, যা কাঙ্ক্ষিত জীবনযাপনের খরচের তুলনায় ১২ লাখ ডলার কম। ফেডারেল তথ্য অনুযায়ী, গত ১২ মাসে বেসরকারি খাতের বেতন বৃদ্ধির হার ছিল মাত্র ৩%, যা জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ধীরগতিতে বাড়ছে। ক্যালেব সিলভারের মতে, বর্তমান ভোক্তা আস্থা ইতিহাসের অন্যতম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনটির আওতায় থাকা আটটি প্রধান উপাদানের মধ্যে গৃহায়ন সবচেয়ে ব্যয়বহুল। একটি বাড়ির ২০% ডাউন পেমেন্ট এবং ৩০ বছরের মর্টগেজসহ এর পেছনে ১২ লাখ ৮০ হাজার ডলার খরচ হয়, যা গত বছর ছিল ১১ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে মর্টগেজ বাবদ ৮ লাখ ৩৭ হাজার ডলার এবং কর, বিমা ও রক্ষণাবেক্ষণ বাবদ ৪ লাখ ৩৮ হাজার ডলার অন্তর্ভুক্ত।
অবসর জীবন এই তালিকার দ্বিতীয় বৃহত্তম ব্যয়, যার পেছনে খরচ প্রায় ১২ লাখ ১০ হাজার ডলার। এটি একজন অবসরপ্রাপ্ত দম্পতির ২০ বছরের জীবনযাত্রার হিসাব, যেখানে স্বাস্থ্যসেবা ও পরিবহন খরচ আলাদাভাবে ধরা হয়েছে। সন্তান লালন-পালনের ক্ষেত্রে ১৭ বছর বয়স পর্যন্ত খরচ এবং কলেজ শিক্ষা মিলিয়ে মোট খরচ সাত লাখ ডলারের বেশি, যা গত বছরের তুলনায় ৯.৫% বেড়েছে।
গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের পেছনে খরচ হয় প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার। এছাড়া স্বাস্থ্যসেবার পেছনে খরচ হয় প্রায় ৪ লাখ ১০ হাজার ডলার, যা এই তালিকার একমাত্র ক্ষেত্র যেখানে গত বছরের তুলনায় ব্যয় কিছুটা কমেছে। পারিবারিক ছুটির পেছনে জীবনব্যাপী খরচ ধরা হয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার ডলার। পোষা প্রাণীর পেছনে প্রায় ৪১ হাজার ডলার এবং বিয়ের আনুষ্ঠানিকতায় রিং ও অনুষ্ঠানসহ প্রায় ৩৯ হাজার ডলার খরচ হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
