যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে নির্ধারিত দুটি র্যালি বাতিল করেছেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, কানসাস ও আইওয়া অঙ্গরাজ্যে সশরীরে আয়োজিত এই র্যালিগুলো আর অনুষ্ঠিত হবে না।
আরএনসির ভাষ্যমতে, কানসাস ও আইওয়ায় রিপাবলিকানরা বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে, যে কারণে পূর্বপরিকল্পিত এই সশরীরে উপস্থিতির কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ট্রাম্প বিভিন্ন অঙ্গরাজ্যে ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু 'টেলির্যালি' বা ভার্চুয়াল প্রচারণায় অংশ নেবেন। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানরা লড়াই চালিয়ে যাচ্ছে। ট্রাম্প দলীয় ভোটারদের উৎসাহ জোগাতে বলেছেন, তারা যেন তাকেই ব্যালটে মনে করে ভোট দিতে এগিয়ে আসেন।
ট্রাম্পের শেষ নির্বাচনী র্যালিটি শুক্রবার ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, ৮০ বছর বয়সী ট্রাম্প অক্টোবরের পুরো মাসজুড়ে প্রায় প্রতিদিনই প্রচারণায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সাউথ ক্যারোলিনা থেকে ওয়াশিংটনে ফেরার পথে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে, ভ্রমণের ক্লান্তির কারণে তিনি শনিবারের কানসাস র্যালি বাতিল করেছেন কি না।
এই প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন, 'এমন প্রশ্ন করাটা অসুস্থ মানসিকতার পরিচয়। আপনি অসুস্থ।' এরপর হোয়াইট হাউসের গাড়িবহরে ওঠার আগে তিনি ওই সাংবাদিকের উদ্দেশ্যে আরও বলেন, 'আমি নিজেকে একদম ঠিকঠাক অনুভব করছি। আপনি বিরক্তিকর। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, আপনাকে দেখতে জঘন্য লাগছে।'

