২০১৮ সালের আলোচিত 'স্যান্ডপেপারগেট' বা বল বিকৃতি কেলেঙ্কারি আবারও নতুন করে শিরোনামে উঠে এসেছে অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটার উসমান খাজার আসন্ন আত্মজীবনী 'সাব্র'-এর বদৌলতে। তবে মাঠের বাইরের এই বিতর্ক পিছনে ফেলে নিজের ব্যাটিং দিয়েই সব প্রশ্নের জবাব দিতে চান স্যান্ডপেপার কাণ্ডে নয় মাসের নিষেধাজ্ঞা ভোগ করা ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (ডব্লিউএ) প্রধান কোচ বো ক্যাসন ব্যানক্রফটের এই অবস্থানের কথা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া খাজার আত্মজীবনীর বেশ কিছু বিস্ফোরক অংশ সম্প্রতি নাইন সংবাদপত্র ও নিউজ কর্পে প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০১৮ সালের কেপটাউন টেস্টের আগেই গেবেখা (পোর্ট এলিজাবেথ) অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে আলোচনা ও তা প্রয়োগ করা হয়েছিল। সেখানে খাজা উল্লেখ করেন, সেশনের শুরুতে সীমানার কাছে আম্পায়ারদের রেখে যাওয়া বল কুড়ানোর সময় ডেভিড ওয়ার্নার বলেন, "আমি এটা করতে পারব না, সবাই আমার দিকে নজর রাখছে।" খাজা বিষয়টি হেসে উড়িয়ে দিলেও মাত্র ছয়টি টেস্টের অভিজ্ঞতা থাকা ব্যানক্রফট দলে জায়গা পাকাপোক্ত করার তাড়নায় নিজেই স্যান্ডপেপার ঘষার দায়িত্ব নেওয়ার কথা জানান।
খাজা তাঁর বইয়ে আরও লিখেছেন, কেপটাউনের নিউল্যান্ডস টেস্টে তৃতীয় দিনে ক্যামেরায় স্যান্ডপেপার কাণ্ড ধরা পড়ার ঠিক আগে ব্যানক্রফটকে এক কোচের সঙ্গে কথা বলতে দেখেছিলেন তিনি। তবে তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেম্যান এ বি সি গ্র্যান্ডস্ট্যান্ডকে স্পষ্ট জানিয়েছেন, তিনি সেই কোচ ছিলেন না। খাজা ইতিমধ্যে এই বল বিকৃতি সংক্রান্ত অধ্যায়টি প্রকাশের আগেই ব্যানক্রফটকে পাঠিয়েছেন এবং তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন।
বিতর্কের এই নতুন ঝড়ের মধ্যেই শনিবার ডব্লিউএ-এর হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াকা গ্রাউন্ডে একটি একদিনের ম্যাচে মাঠে নামেন ব্যানক্রফট। দলের ৯২ রানে হারের দিনে উদ্বোধনী ব্যাটার হিসেবে তিনি ৪০ বলে ৩২ রান করার পাশাপাশি তিনটি ক্যাচ নেন। ম্যাচ শেষে ডব্লিউএ কোচ বো ক্যাসন সাংবাদিকদের বলেন, "ঘটনাটি অনেক আগের। আমার মনে হয় তিনি অতীত পেছনে ফেলে সামনে এগোতে এবং নিজের ব্যাটকে কথা বলতে দিতে চান। পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে রাখা যায় না, তবে গত কয়েক সপ্তাহ ও বিগত বছরগুলোতে তিনি যেভাবে বিষয়গুলো সামলেছেন, তা একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দারুণ দৃষ্টান্ত স্থাপন করে।"
এর আগে ২০২১ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানক্রফট ইঙ্গিত দিয়েছিলেন যে কেপটাউনে বল বিকৃতির বিষয়টি বোলারদের অজানা ছিল না। তাঁর এই মন্তব্যের পর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জোশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতি দিয়ে তা অস্বীকার করেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার তড়িৎ তদন্তের পর কেবল ব্যানক্রফট, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকেই শাস্তির আওতায় আনা হয়েছিল।
ঘটনার পর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ার পুনর্গঠন করতে পারলেও ব্যানক্রফটের ভাগ্য সুপ্রসন্ন হয়নি। ২০১৯ সালের অ্যাশেজ সিরিজে দুটি টেস্টে ফিরলেও এরপর আর জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে ডব্লিউএ-এর হয়ে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে টানা তিনটি শেফিল্ড শিল্ড জয়ে ৪৮.৩৭ গড়ে রান সংগ্রাহক হিসেবে উজ্জ্বল ছিলেন। ২০২৪ সালের শুরুতে ওয়ার্নারের অবসরের পর উদ্বোধনী জায়গায় স্মিথকে সুযোগ দেওয়ায় বাদ পড়েন ব্যানক্রফট। এরপর ২০২৪-২৫ ঘরোয়া মৌসুমের শুরুতে ব্যাটে মন্দা চলায় ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও ওপেনিং পজিশনটি হাতছাড়া হয়ে যায়, যা শেষ পর্যন্ত পান নাথান ম্যাকসুইনি।
সম্প্রতি অ্যাডিলেডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেফিল্ড শিল্ডের ম্যাচে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ব্যানক্রফট। গত সপ্তাহে এ বি সি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নিজের মনোভাব প্রকাশ করে তিনি বলেন, "আন্তর্জাতিক স্তরে খেলার বিষয়ে আমি এখন আর আগের মতো ব্যাকুল নই। আমি বাস্তবতা মেনে নিয়েছি যে হয়তো আর সেই জায়গায় খেলার সুযোগ পাব না। যদি কখনো সুযোগ আসে তবে আমি কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করব, তবে এখন যেখানে খেলছি তা নিয়েই আমি শান্তিতে আছি।"

