সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহার দলের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর কাঁধে। তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তিনি কেবল একটি ম্যাচেই দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। এরপরই তিনি কাতারের দোহায় অনুষ্ঠিতব্য 'ইমার্জিং এশিয়া কাপ' টুর্নামেন্টে অংশ নিতে ভারত 'এ' দলের সাথে যোগ দেবেন।
শুক্রবার (৬ নভেম্বর) পাটনায় অনুষ্ঠিত নির্বাচকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহারের প্রধান নির্বাচক হরবিন্দর সিং জানিয়েছেন, সূর্যবংশীর সাহসী ব্যাটিং এবং টি২০ ফরম্যাটে তার বিশেষ দক্ষতার কথা বিবেচনা করেই তাকে অধিনায়ক করা হয়েছে। নির্বাচকরা এই সিদ্ধান্তের আগে তরুণের সাথে আলোচনাও করেছেন। হরবিন্দর সিং বলেন, তিনি প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে রাজি হয়েছেন এবং এরপর তার অনুপলব্ধতার বিষয়টি আমরা জানি।
আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিহার তাদের টুর্নামেন্ট শুরু করবে। এটিই হবে সূর্যবংশীর বিহারের সিনিয়র দলকে নেতৃত্ব দেওয়ার প্রথম অভিজ্ঞতা। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি টি২০ ক্রিকেটে কোনো দলের নেতৃত্ব দেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করবেন।
প্রথম ম্যাচের পর সূর্যবংশী ভারত 'এ' দলের সাথে যোগ দিতে দোহায় রওনা হবেন, যেখানে ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুশতাক আলী ট্রফির সুপার লিগ, যার ফাইনাল ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সূর্যবংশীর অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক সুরজ কাশ্যপ দলের হাল ধরবেন। সম্প্রতি নিউজিল্যান্ড সফর থেকে ফেরা সূর্যবংশী ১৬ নভেম্বর তিলক ভার্মার নেতৃত্বাধীন ভারত 'এ' দলের সাথে দোহায় যাওয়ার কথা রয়েছে।
বিহারের ঘোষিত দল: বৈভব সূর্যবংশী (অধিনায়ক), সুরজ কাশ্যপ (সহ-অধিনায়ক), অলোক কুমার, আয়ুষ লোহা রুকা (উইকেটরক্ষক), আলতামাশ আশরাফ, পরম কুমার সিং, আনমোল কুমার (উইকেটরক্ষক), ঋত্বিক রাজ, মায়াঙ্ক কুমার, রাঘবেন্দ্র প্রতাপ, আশিস কুমার, বাসুদেব প্রতাপ সিং, মোহাম্মদ ইজহার, আমোদ যাদব, প্রশান্ত সিং, নওয়াজ খান এবং হিমাংশু সিং।

