দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন। তিনি জানিয়েছেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং খুব দ্রুতই এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, এর আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থাকলেও অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করেই ১৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যেই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এবং ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষার আয়োজন করা হচ্ছে। এই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নের জবাবে ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এ বিষয়ে এখনো অধিদপ্তর থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং মন্ত্রণালয়ই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাস করেছিল। বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ১০০টি আসন রয়েছে, যা আগে ছিল ৫ হাজার ৩৪০টি। এছাড়া ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৬ হাজার ২৯৩টি, তবে মন্ত্রণালয় ১০টি কলেজের আসন কমিয়ে, দুটিতে বাড়িয়ে এবং বাকিগুলোতে অপরিবর্তিত রেখে সামগ্রিকভাবে বেসরকারি খাতে ২৯২টি আসন কমিয়েছে।

