নেদারল্যান্ডসের আমস্টারডামে রবিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দেশটির সরকারের কাছে আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীদের বড় একটি অংশকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।
এই বিক্ষোভের অন্যতম আয়োজক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডাচ শাখা জানিয়েছে, এদিনের এই বিশাল পদযাত্রায় দুই লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। 'রেড লাইন' নামে পরিচিত এই আন্দোলনের আয়োজকরা ইসরায়েলের ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে ঘোষণা করা এবং দেশটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন।
বিক্ষোভ চলাকালে মাইক ভ্যান ডনজেন নামে এক অংশগ্রহণকারী নেদারল্যান্ডস সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, 'সেখানে যা ঘটছে তা অমানবিক। আমার মতে, সরকার কিছুই করছে না। তারা কোনো গুরুতর পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না।' শহরের ব্যস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার সময় এক ব্যক্তি লাউডস্পিকারে 'ফ্রি, ফ্রি প্যালেস্টাইন' স্লোগান দিলে অনেক বিক্ষোভকারী তার সঙ্গে কণ্ঠ মেলান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস-নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীর হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এরপর থেকে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং গাজার বড় একটি অংশ ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১,৫৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি বেসামরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য না করলেও জানিয়েছে যে, নিহতদের প্রায় অর্ধেকই নারী ও শিশু।
গাজা যুদ্ধ নেদারল্যান্ডস ও ইসরায়েলের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। গত বছর ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। বর্তমান সংখ্যালঘু জোট সরকার ক্ষমতায় আসার পর ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে, যা নিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বিবাদ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী রব জেটেন গত বছর মিছিলে অংশ নিলেও এবার উপস্থিত ছিলেন না। তবে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, 'প্রতিটি দিন ও প্রতিটি সপ্তাহে আমরা সেখানকার ভয়াবহ পরিস্থিতি লাঘবের জন্য আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।' তিনি দাবি করেন, তার প্রশাসন ইসরায়েলকে গাজা চুক্তির শর্ত মানতে বাধ্য করতে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। একই সঙ্গে হামাস ও অন্যান্য গোষ্ঠীর ওপরও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি, যারা সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তাকে বিপন্ন করে এমন বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

