প্রায় ১৯০টি দেশের প্রতিনিধি ও শীর্ষ নেতাদের অংশগ্রহণে সোমবার তুরস্কের আনতালিয়া শহরে শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। তীব্র দাবদাহ, রেকর্ড তাপমাত্রা এবং জীবাশ্ম জ্বালানির প্রভাবে মারাত্মক আকার ধারণ করা এল নিনো আবহাওয়ার মধ্য দিয়েই এই জলবায়ু আলোচনা শুরু হচ্ছে। যৌথভাবে সম্মেলনের মূল আলোচনা পরিচালনা করছে অস্ট্রেলিয়া। এই প্রেক্ষাপটে আয়োজক দেশগুলোর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কপ৩১ সম্মেলনে বিশ্ববাসীকে কেবল ফাঁকা প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত ও দৃশ্যমান ফল দেখাতে হবে।
সম্মেলনের প্রাতিষ্ঠানিক আলোচনার সভাপতিত্ব করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন। তিনি জানান, বিশ্ববাসীকে একটি দৃশ্যমান ফলাফল দেখাতে হবে যা তারা বাস্তবে অনুভব করতে পারবে এবং এটি হতে হবে পূর্ববর্তী সব জলবায়ু সম্মেলনের চেয়ে এক ধাপ এগিয়ে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্ব সংকটে থাকা প্রশান্ত মহাসাগরীয় নিচু দ্বীপরাষ্ট্রগুলোর সংকট তুলে ধরার কথা জানান তিনি।
বোয়েন উল্লেখ করেন, বিশ্বজুড়ে উপলব্ধ মোট জলবায়ু অর্থায়নের মাত্র ০.২ শতাংশ অভিযোজনের জন্য এসব ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রে যায়, যা অত্যন্ত অপ্রতুল। তবে নিজের দেশে কয়লা ও গ্যাস প্রকল্পের অনুমোদন অব্যাহত রাখায় অস্ট্রেলিয়া সরকারও কঠোর সমালোচনার মুখে পড়েছে।
পরিবেশবাদী ও ৫০০ জনের বেশি বিজ্ঞানী জলবায়ু নীতিতে দেশটির এ ধরনের ‘দ্বিমুখী আচরণ’ বন্ধের দাবি জানিয়েছেন। অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী লেবার সরকার ২০৫০ সালের মধ্যে কার্বন নিসরণ শূন্যে নামানো এবং ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতের ৮০ শতাংশের বেশি সৌর ও বায়ুতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করলেও দেশটি বর্তমানে সেই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে রয়েছে। উপরন্তু, দেশে জলবায়ু বিজ্ঞান অস্বীকারকারী ডানপন্থী ওয়ান নেশন পার্টি এবং লিবারেল ও ন্যাশনাল পার্টির জোট ২০৫০ সালের নিট-জিরো লক্ষ্য বাতিল করার দাবি তুলে লেবার সরকারকে রাজনৈতিক চাপে রাখছে।
বিশ্বব্যাপী তাপমাত্রা ইতিমধ্যেই শিল্পবিপ্লব-পূর্ববর্তী সময়ের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে। এ অবস্থায় সম্মেলনে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে কার্বন নিঃসরণ কমানোর গতি এবং জলবায়ু ক্ষতিগ্রস্তদের অর্থায়ন নিয়ে তীব্র দ্বন্দের আভাস পাওয়া যাচ্ছে। ৪৪টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) জোটের চেয়ারম্যান আদাও সোয়ারেস বারবোসা স্পষ্ট জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা, সহজে পৌঁছানোযোগ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা, অভিযোজন ব্যবস্থা জোরদার করা এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ (লস অ্যান্ড ড্যামেজ) প্রদান করা কোনো রাজনৈতিক পছন্দ নয়, বরং এটি বেঁচে থাকার লড়াই।
তিনি জোর দিয়ে বলেন, প্যারিস চুক্তির বিশ্বাসযোগ্যতা কতগুলো প্রতিশ্রুতি দেওয়া হলো তাতে নয়, বরং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে কয়টি জীবন রক্ষা করা সম্ভব হলো এবং প্রতিশ্রুতি কতটা পূরণ হলো তার ওপর নির্ভর করবে।
চলতি বছর জলবায়ু বিপর্যয়ে বিশ্বজুড়ে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি রেকর্ড ছাড়িয়েছে। গ্রীষ্মকালে কেবল ইউরোপেই দাবদাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, উত্তর আমেরিকাজুড়ে ভয়াবহ দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছিল এবং নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভূমিধসে দেড় হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। পাশাপাশি রেকর্ড শক্তিশালী এল নিনো পরিস্থিতি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের প্রাণহানি ও ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে যাচ্ছে।
জলবায়ু প্রচারণা গোষ্ঠী ৩৫০.অর্গ-এর পূর্ব আফ্রিকা কর্মসূচি ব্যবস্থাপক রুকিয়া খামিস বলেন, পূর্ব আফ্রিকার মানুষ দীর্ঘস্থায়ী খরা ও বিধ্বংসী বন্যার কারণে ঘরবাড়ি, জীবিকা এবং খাদ্য-পানির সংকট ভোগ করছেন, যা তাদের সৃষ্টি করা সমস্যা নয়। অথচ এসব সংকট মোকাবেলায় যে অর্থ প্রয়োজন তা ক্ষতিগ্রস্তদের নাগালের বাইরে রয়ে গেছে। জলবায়ু সংকটের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তাদেরই সবচেয়ে বড় ক্ষতি বহন করতে হচ্ছে, যা একেবারেই অন্যায়।
এবারের সম্মেলনে অন্যতম অনুপস্থিতি হিসেবে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে আনুষ্ঠানিক কোনো প্রতিনিধিদল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, অন্য দেশগুলোর মতো তারা কোনো উগ্র জলবায়ু নীতি মেনে নিতে রাজি নয়। সম্প্রতি জর্জিয়ার এক সমাবেশে ট্রাম্প ইরান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ায় তেল ও গ্যাস কোম্পানিগুলোর রেকর্ড মুনাফার প্রশংসা করে বলেছিলেন, তারা বিপুল অর্থ উপার্জন করছে এবং এ নিয়ে তিনি মোটেও লজ্জিত নন।
তবে ট্রাম্প প্রশাসন সম্মেলনে অনুপস্থিত থাকলেও যুক্তরাষ্ট্রের প্রায় ২০ জন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য আনতালিয়ায় উপস্থিত হয়েছেন। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে নিজেদের সাফল্য থেকে উৎসাহিত হয়ে তারা জলবায়ু অর্থায়ন ও পরিবেশগত বিধিমালা বাতিলের ট্রাম্পের প্রচেষ্টায় বাধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অন্যদিকে, ইরান যুদ্ধের কারণে জীবাশ্ম জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং নবায়নযোগ্য জ্বালানির খরচ দ্রুত হ্রাস পাওয়ায় বিশ্বজুড়ে পরিবেশবান্ধব শক্তিতে রূপান্তরের গতি বেগবান হয়েছে। জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিল বলেন, বিশ্বের অধিকাংশ প্রধান এবং ছোট-বড় অর্থনীতি এখন জলবায়ু পদক্ষেপকে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাশ্রয়ী ও নিরাপদ শক্তির মূল চালিকাশক্তি হিসেবে দেখছে।
সম্মেলনের অপর আয়োজক দেশ তুরস্ক ইলেকট্রিক যানবাহন ও হিট পাম্পের মতো প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের চূড়ান্ত জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতে রূপান্তরের একটি প্রস্তাব টেবিলে রাখছে, যদিও কিছু দেশের বিরোধিতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের শক্তিবিষয়ক মন্ত্রী মিয়াটা ফাহনবুল্লা সম্মেলনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ বছরের গ্রীষ্মে যুক্তরাজ্যেই জলবায়ু পরিবর্তনের তীব্রতা অনুভূত হয়েছে এবং এই সংকটের সমাধান ও জ্বালানি বিল কমানোর একমাত্র উপায় হলো দেশে প্রস্তুতকৃত পরিষ্কার শক্তি তৈরি করা, যা মানুষের উষ্ণ ঘর ও কর্মসংস্থান নিশ্চিত করবে।

