সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। সোমবার উদ্ধারকারী দল নতুন করে আরও মরদেহ উদ্ধার করার পর এই তথ্য জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ।
রোববার রাজধানী ডাকার থেকে উত্তরে অবস্থিত কেবেমের শহরের অদূরে আটলান্টিক মহাসাগরে নৌকাটি উল্টে যায়। নৌকাটি সেনেগালের উত্তরাঞ্চলীয় শহর সেন্ট-লুইস থেকে যাত্রা শুরু করেছিল এবং এর গন্তব্য ছিল স্পেনের উপকূল।
রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এবং উদ্ধারকারীরা তখন জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছিলেন। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তা এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এখনো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আটলান্টিক মহাসাগরের প্রায় ৮০০ মাইলের এই পথটি সেনেগালের তরুণদের জন্য ইউরোপে পৌঁছানোর একটি পরিচিত কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট। অর্থনৈতিক সংকট, দারিদ্র্য এবং উচ্চ বেকারত্বের কারণে উন্নত জীবনের আশায় অনেক তরুণ এই বিপজ্জনক যাত্রায় কাঠের নৌকায় পাড়ি জমান।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। একইসঙ্গে তিনি এমন বিপজ্জনক সমুদ্রযাত্রা আয়োজনকারী পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

