তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বজুড়ে জলবায়ু সংকট মোকাবিলায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় আয়োজিত COP31 বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ রূপ দেখা যাচ্ছে, তাতে বিশ্বজুড়ে সুনির্দিষ্ট ও দৃঢ় পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।
এরদোয়ান স্পষ্ট করে বলেন, যে উন্নত দেশগুলো অতীতে বিশ্বের কার্বন বাজেট নিঃশেষ করেছে, তাদের নির্গমন হ্রাস এবং জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বড় ধরনের দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে তিনি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের অধিকার রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, জলবায়ু সংকটের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব যেসব জনগোষ্ঠীর ওপর পড়ছে, তাদের শক্তিশালী সমর্থন ও সহায়তা প্রদান করা জরুরি।
নিজস্ব স্বার্থের কথা চিন্তা করে সম্মিলিত উদ্যোগ থেকে সরে আসার ব্যাপারে সতর্কবার্তা দেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, যদি প্রতিটি দেশ কেবল নিজেদের স্বার্থ নিয়ে ভাবে, তবে তা আরও বড় সংকট ও ভয়াবহ দুর্যোগের দিকে বিশ্বকে ঠেলে দেবে। অতীতে পরিবেশ সুরক্ষার বদলে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার যে ভুলগুলো করা হয়েছে, তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। এরদোয়ানের মতে, ৫০ বা ১০০ বছর আগের ভুলগুলো এখন একে একে সামনে আসছে। বর্তমান সময়েও একই ভুল পুনরাবৃত্তি করে অর্থনীতিকে বাঁচাতে পরিবেশকে বলি দেওয়া হলে, আমাদের পরবর্তী প্রজন্মকে এর চরম মূল্য দিতে হবে।
তুরস্কের নিজস্ব অবস্থান তুলে ধরে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, তার দেশ দৃঢ়ভাবে সবুজ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করছে। জ্বালানি, শিল্প, পরিবহন, কৃষি ও নির্মাণ খাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। তবে তিনি মনে করেন, কেবল সরকারগুলোর পক্ষে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়; এক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও বড় দায়িত্ব কাঁধে নিতে হবে।
তুরস্কের শিল্প প্রতিযোগিতা বজায় রেখে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এরদোয়ান। তিনি জানান, বায়ু, সৌর ও জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগ অব্যাহত রাখবে। বিশ্বজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব তুরস্কের ওপরও পড়ছে স্বীকার করে তিনি বলেন, এর পরেও আঙ্কারা অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন এবং জনগণের কল্যাণমুখী বিনিয়োগ থেকে সরে আসবে না।
আঞ্চলিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, তুরস্ক নিজেকে স্থিতিশীলতা ও নিরাপত্তার একটি দ্বীপ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জন করেছে। তিনি বলেন, তার দেশ বিভিন্ন সংঘাত থেকে দূরে থেকে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সবশেষে তিনি যোগ করেন, তুরস্ক এমন একটি দেশ যারা স্বপ্নকে লক্ষ্যে এবং লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে দক্ষ।

