দক্ষিণ কোরিয়ার সার্টিফাইড ট্যাক্স অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী এক পরীক্ষার্থী জালিয়াতির কথা স্বীকার করেছেন। হান ওন-সিওক নামের ৩৪ বছর বয়সী এই ব্যক্তি জানিয়েছেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা, মোবাইল ফোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
নিজের আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও বার্তায় হান স্বীকার করেন যে, তিনি প্রথম ও দ্বিতীয় উভয় ধাপের পরীক্ষাতেই ইলেকট্রনিক ডিভাইস ও জেনারেটিভ এআই ব্যবহার করেছেন। তিনি ব্যাখ্যা করেন, মাইক্রো-ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা এআই-এর কাছে পাঠাতেন এবং পরে স্মার্টফোনের মাধ্যমে উত্তর যাচাই করতেন।
পরীক্ষায় প্রথম হওয়ার পর থেকেই হানের স্কোর নিয়ে প্রশ্ন ওঠে। তিনি প্রথম রাউন্ডের ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করে মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭.৫ পয়েন্ট পেয়েছিলেন। শুরুতে জালিয়াতির অভিযোগ অস্বীকার করলেও, পরবর্তীতে দ্বিতীয় স্থানে থাকা প্রার্থীর কথা চিন্তা করে তিনি সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেন বলে জানান। তিনি আরও বলেন যে, তার এই কাজের ফলে অন্যান্য সৎ প্রার্থীদের ওপর সন্দেহ তৈরি হয়েছে, যার জন্য তিনি ক্ষমা চেয়েছেন।
হান ওন-সিওক জানিয়েছেন, তিনি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এবং নিজের বাবা-মায়ের গর্বের কারণ হতে এই জালিয়াতির পথ বেছে নিয়েছিলেন। সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছে, তারা হানের আইনজীবীর মাধ্যমে পাওয়া লিখিত স্বীকারোক্তি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্তের জন্য নিযুক্ত করা হয়েছে।
এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সার্ভিস জরুরি বৈঠক করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এআই ব্যবহার করে জালিয়াতি করেছে, তাদের যোগ্যতা বাতিল করা হবে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য তারা এই পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বিবেচিত হবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নীতি বিষয়ক প্রধান হা জুন-কিউং নতুন কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, অতীতের এই ধরনের অপরাধগুলো খুঁজে বের করা হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। দেশটিতে বার্ষিক কলেজ প্রবেশিকা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এই জালিয়াতির ঘটনা সামনে আসায় এআই প্রযুক্তির অপব্যবহার রোধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

