পেরুতে ক্রমবর্ধমান সহিংসতা ও অপরাধের প্রেক্ষাপটে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা ও আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। নিজের সাবেক ডায়োসিস পরিদর্শনের অংশ হিসেবে শনিবার শিকলায়োর ক্যাথেড্রাল অফ সেন্ট মেরিতে প্রার্থনা সভার নেতৃত্ব দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মাঝে পেরুকে আচ্ছন্ন করে রাখা "অন্ধকার" এবং নাগরিকদের গভীর ভোগান্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পোপ লিও চতুর্দশ (পূর্বনাম রবার্ট প্রিভোস্ট) ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত শিকলায়োর বিশপ হিসেবে দায়িত্বে ছিলেন। সফরের শুরুতে এক বিশেষ অনুষ্ঠানে তিনি কুমারী মেরির কাছে নিজের পন্টিফিকেট সোপর্দ করেন।
শিকলায়োর ক্যাথেড্রালে সমবেত ক্যাথলিক ধর্মাবলম্বীদের উদ্দেশে পোপ লিও বলেন, "ব্যাপক সহিংসতা এবং আমাদের অসংখ্য ভাই-বোনের অবর্ণনীয় দুর্ভোগের অনিশ্চয়তায় আমরা হুমকির মুখে বোধ করছি। তবে এই অন্ধকার প্রায়শই আমাদের আশাকে ম্লান এবং বিশ্বাসকে দুর্বল করলেও ঈশ্বরের দান আমাদের চোখের সামনে জ্বলজ্বল করছে।" সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে পেরুতে হত্যাকাণ্ডের হার প্রায় দ্বিগুণ হয়ে প্রতি লাখে ৫.৮ থেকে ১০.৭-এ পৌঁছেছে। এছাড়া ২০১৯ সালে যেখানে তোলাবাজির ঘটনা নথিভুক্ত হয়েছিল ২,৪২১টি, ২০২৫ সালে তা লাফিয়ে দাঁড়িয়েছে ২৬,৭৩৪টিতে।
চলতি বছরের জুলাই মাসে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন রক্ষণশীল প্রেসিডেন্ট কিকো ফুজি মোরি। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দেশে জরুরি অবস্থা জারি করেছেন, যার মধ্যে আগস্টে রাজধানী লিমা এবং সেপ্টেম্বরে অপরাধী চক্রের সঙ্গে যুক্ত বন্দিদের কারাগারে জরুরি অবস্থা ঘোষণা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আঞ্চলিক জোট "শিল্ড অফ দ্য আমেরিকা স"-এ পেরুকে যুক্ত করে ওয়াশিংটনের সাথে সামরিক সম্পর্ক জোরদার করেছেন ফুজি মোরি। জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম বিষয়ক দপ্তরের তথ্য মতে, দেশটি ব্যাপক অবৈধ সোনা উত্তোলনের মুখোমুখি এবং কলম্বিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকা পাতা উৎপাদক দেশ, যা কোকেনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
শিকলায়োর অনুষ্ঠান শেষে পোপ হেলিকপ্টারে করে সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০৩৫ মিটার (৬,৬৭৫ ফুট) উঁচুতে এবং শিকলায়োর মূল কেন্দ্র থেকে ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে অবস্থিত দুর্গম পাহাড়ি অঞ্চল সান্তা ক্রুজ দে সুচাবাম্বায় যান। প্রান্তিক সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানোর পোপের দৃষ্টিভঙ্গির অংশ হিসেবেই এই যাত্রা। অতীতে বিশপ থাকাকালে পোপ লিও নিজেই পিকআপ ট্রাক চালিয়ে সান্তা ক্রুজ দে সুচাবাম্বায় যেতেন। পোপের গাড়ি চালানোর শখের কথা উল্লেখ করে যাজকীয় সেবার প্রধান রেভারেন্ড কেভিন নোরিয়েগা বলেন, "পোপের গাড়িপ্রীতির কথা আমরা সবাই জানি, তিনি সব জায়গায় নিজে চালিয়ে যেতেন।" দূরবর্তী এই অঞ্চলে বক্তব্য প্রদানকালে পোপ লিও সহিংসতার বদলে প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, "স্বার্থপরতা, অবিচার ও পাপ কোনো পাশবিকতা দিয়ে জয় করা যায় না; বরং প্রার্থনা, ধৈর্য এবং ভুলকে স্পষ্টভাবে তুলে ধরে দৃঢ়তার সঙ্গে পরিবর্তন আনার মাধ্যমে তা মোকাবিলা করতে হয়।"
শুক্রবার শিকলায়োতে পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা পাওয়া পোপ লিও রবিবার আমাজোনীয় ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন। ইতোমধ্যে শিকলায়োতে সান হুয়ান বাউতিস্তা দে কাতাকাওস সম্প্রদায়ের আদিবাসী প্রতিনিধিরা পোপের সাথে দেখা করে এক জরুরি সমস্যা তুলে ধরেছেন। তারা প্রভাবশালী পেরুভিয়ান ক্যাথলিক আন্দোলন 'সোডালিসিয়াম ক্রিস্টিয়ানে ভিটে' (Sodalitium Christianae Vitae)-এর সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর হাতে নিজেদের পূর্বপুরুষদের জমি হারানোর বিচার ও ক্ষতিপূরণ দাবি করছেন। তাদের অভিযোগ, অস্বচ্ছ জমি নিবন্ধন ও আইনি ব্যবস্থার সুযোগ নিয়ে তাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়েছে।
ভুক্তভোগী গ্রামবাসীদের আন্দোলনের সমর্থনে থাকা পোপ ফ্রান্সিস মৃত্যুর কিছুদিন আগে গত বছর এই সোডালিসিয়াম সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন। তবে আদিবাসী সম্প্রদায়ের দাবি, পেরুতে গোষ্ঠীটির অর্থনৈতিক প্রভাব এখনও বজায় রয়েছে এবং ভ্যাটিকানের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন। শনিবার এক সংবাদ সম্মেলনে পোপ লিওকে লেখা চিঠি পড়ে শোনান সম্প্রদায়টির প্রতিনিধি ফিওরেলা মার্তিনেস। তিনি বলেন, "সোডালিসিয়াম ক্রিস্টিয়ানে ভিটে বিলুপ্তির গুরুত্ব আমরা স্বীকার করি। তবে এই সিদ্ধান্ত যত বড়ই হোক না কেন, ভুক্তভোগীদের প্রতি এখনো রয়ে যাওয়া দায়বদ্ধতার প্রক্রিয়াকে এখানেই শেষ ঘোষণা করা যায় না।"
এই জমি সংক্রান্ত বিরোধ অন্তত এক দশক পুরনো, যখন সোডালিসিয়ামের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো কাতাকাওসের কৃষকদের হাজার হাজার হেক্টর জমি থেকে সরাতে আইনি প্রক্রিয়া শুরু করে। এই উচ্ছেদচেষ্টায় বহু কৃষকের বিরুদ্ধে "বেদখল"-এর মামলা দেওয়া হয় এবং সংঘর্ষে দুইজন আদিবাসী নেতা গুলিতে নিহত হন। শিকলায়োর বিশপ হিসেবে দায়িত্ব পালনকালে পোপ লিও সোডালিসিয়ামের ভুক্তভোগীদের বিষয়টিতে পেরুর বিশপদের প্রধান সমন্বয়ক ছিলেন। চলতি বছরের মে মাসে পেরুর ক্যাথলিক চার্চ জমি হারানো আদিবাসীদের উদ্দেশ্যে এক প্রতীকী ক্ষতিপূরণ অনুষ্ঠানের আয়োজন করে।
পেরুর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সচিব তানিয়া পারিওনা এটিকে এক "ঐতিহাসিক পদক্ষেপ" হিসেবে বর্ণনা করে বলেন, "যেখানে গ্রামীণ সম্প্রদায়কে সুরক্ষায় রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেখানে চার্চ ভূমিকা রাখছে।" তবে শনিবার তিনি আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়ে বলেন, "তারা জমি ফেরত, ভূখণ্ডের অধিকার এবং যারা এই অঞ্চল রক্ষা করছে তাদের সুরক্ষা চাইছে। একই সাথে সোডালিসিয়ামের হাতে যৌন নির্যাতনের শিকার হওয়া আমাদের ভাইদের জন্য আমরা সমান বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।"

