জর্ডানের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় নৃশংস বন্দুক হামলা চালিয়ে ৯ জনকে হত্যার অপরাধে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ফাঁসিতে ঝুলিয়ে এই সাজা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত অক্টোবরে সংঘটিত এই হামলায় আরো ৩৪ জন গুরুতর আহত হয়েছিল।
গত ২৩ অক্টোবর জর্ডানের কারাক গভর্নরেটের হামুদ গ্রামে অবস্থিত সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের একটি শেষকৃত্যানুষ্ঠানের সময় এই হামলা চালানো হয়। কারাক অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের এমন একটি এলাকা, যেখানে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিস্টান জনগোষ্ঠীর বসবাস রয়েছে। হামলাকারীরা কেন নির্দিষ্টভাবে ওই গির্জাটিকে লক্ষ্যবস্তু করেছিল, তা এখনো স্পষ্ট নয়।
গত রবিবার জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তিই জর্ডানের নাগরিক। তারা সম্পর্কে দুই ভাই এবং তাদের এক ভগ্নিপতি। আদালতে তাদের বিরুদ্ধে 'সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা', অবৈধ অস্ত্র বহন, 'সন্ত্রাসী সংগঠনের মতাদর্শ প্রচার' এবং 'সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্র'-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
হামলার দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতে অস্ত্র নিয়ে তিন ব্যক্তি গির্জার দিকে এগিয়ে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরবর্তীতে ছড়িয়ে পড়া দ্বিতীয় একটি ভিডিওতে দেখা যায়, গির্জার ভেতরে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং রক্তাক্ত মৃত ও আহত মানুষ মাটিতে পড়ে আছেন।
নৃশংস এই হামলার পরপরই জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছিলেন, "কারাকে পরিচালিত এই সন্ত্রাসী হামলার কঠোরতম জবাব দেওয়া হবে। যারা মনে করে বুলেটের আঘাত দিয়ে জর্ডানিদের বিভক্ত করা যাবে, আমাদের ঐক্যের মুখে তাদের কোনো সুযোগ নেই।" পরবর্তীতে সন্দেহভাজনদের শেষ পর্যন্ত তাড়া করে গ্রেপ্তার করার জন্য তিনি নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসাও করেন।
হামলা চালিয়ে এই তিনজন অকুস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তিন দিন পর রাজধানী আম্মানের দক্ষিণে কারাক গভর্নরেটের একটি পরিত্যক্ত বাড়িতে জর্ডানের নিরাপত্তা বাহিনী তাদের অবস্থান চিহ্নিত করে। সেসময় দেশটির পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট জানায়, ঘেরাও করা হলে আসামিরা আত্মসমর্পণ না করে উল্টো নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে তিনজনই আহত হন এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। এই গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।
কারাক হামলার এক সপ্তাহ পর, জর্ডান সামরিক বাহিনী এই হামলার প্রতিশোধ নিতে প্রতিবেশী দেশ সিরিয়ায় বিমান হামলা চালায়। জর্ডানের দাবি অনুযায়ী, তাদের যুদ্ধবিমানগুলো 'সন্ত্রাসী সংগঠনগুলোর' ঘাটিকে লক্ষ্য করে ওই হামলা চালায় এবং এতে 'বেশ কয়েকজন সন্ত্রাসী' হতাহত হয়। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি। অন্যদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের একটি গ্রামে জর্ডানের ওই বিমান হামলায় নারী, শিশু ও এক বৃদ্ধসহ মোট পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। জর্ডান দাবি করেছিল যে তারা সিরীয় সরকারের সঙ্গে সমন্বয় করে অপারেশনটি চালিয়েছে, তবে সিরিয়া অভিযোগ করে যে হামলার আগে তাদের কোনো কিছুই জানানো হয়নি।
উল্লেখ্য, জর্ডানে মৃত্যুদণ্ড সাধারণত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়। দেশটিতে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত অনির্ধারিতভাবে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ ছিল। পরবর্তীতে ২০১৭ সাল থেকে শুরু করে চলতি বছরের জুন মাস পর্যন্ত সেখানে আবারও মৃত্যুদণ্ড দেওয়ার ওপর স্থগিতাদেশ কার্যকর ছিল।

