যুক্তরাষ্ট্রের সঙ্গে 'যুদ্ধও নয়, শান্তিও নয়' এমন অনিশ্চিত বা ঝুলন্ত পরিস্থিতি ইরান মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ রাজনৈতিক প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনা কিংবা যুদ্ধ—উভয় পরিস্থিতির জন্যই তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে তিনি চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ-র প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এক ভার্চুয়াল সংসদীয় অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে বাঘের গালিবাফ বলেন, আমেরিকানরা যদি তাদের উত্থাপিত 'সাতটি যৌক্তিক শর্ত' মেনে নেয়, তবে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর পথ এখনও খোলা রয়েছে।
বক্তব্যে বাঘের গালিবাফ আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেন, এবার তারা যদি ফের কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে যুদ্ধের ভৌগোলিক পরিধি মার্কিন ইচ্ছা বা পরিকল্পনায় নির্ধারিত হবে না; বরং তা ঠিক করবে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও দৃঢ় সংকল্প। তিনি তাঁর বক্তব্যে এই সাতটি শর্তের বিশদ ব্যাখ্যা প্রদান করেননি। তবে পূর্ববর্তী বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও জ্বালানিবাহী ট্যাঙ্কার সমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তেহরানের ওপর আরোপিত একপাক্ষিক নিষেধাজ্ঞা বাতিল, ইরানি তেল রপ্তানিকে বিধিনিষেধ মুক্ত রাখা, আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করা, দেশের অভ্যন্তরে পারমাণবিক উপাদান রাখার অধিকার বজায় রাখা এবং চূড়ান্তভাবে চলমান যুদ্ধের সমাপ্তি ঘটানো।
যুদ্ধের প্রেক্ষাপটে শত্রুপক্ষের আক্রমণের মুখেই তৈরি করা একটি নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন অনুষ্ঠানে বাঘের গালিবাফ এসব কথা বলেন। এই সামরিক স্থাপনাকে নিছক কোনো কারিগরি বা প্রতিরক্ষামূলক অর্জন হিসেবে দেখতে নারাজ তিনি। তাঁর মতে, এটি সমগ্র মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তিসাম্যে বড় ধরনের পরিবর্তনের এক সুস্পষ্ট প্রতীক। বক্তব্যে তিনি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাহিনীটির ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং একই সঙ্গে ইরানি জনগণ ও ফিলিস্তিনপন্থীদের মনোবল বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
আমেরিকান প্রশাসনের তীব্র সমালোচনা করে গালিবাফ বলেন, সাম্প্রতিক সময়ে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের বক্তব্যে মূলত ইরানের সামরিক শক্তির সামনে ওয়াশিংটনের চরম হতাশারই প্রতিফলন ঘটেছে। মার্কিন কর্তাদের ইরানকে অসম্মান করার মানসিকতা ত্যাগ করে পারস্য উপসাগরে নিজেদের কৌশলগত ব্যর্থতাগুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করা উচিত বলে মনে করেন তিনি। উল্লেখ্য, এক টেলিভিশন সাক্ষাৎকারে বেসেন্ট ইরানি নেতৃত্ব সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিলেন এবং আইআরজিসি-কে 'কোণঠাসা হয়ে পড়া এক বিপজ্জনক পশুর' সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে তিনি ওয়াশিংটনের নিজের বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়েছেন বলেও জানান।
সামরিক ও বৈপাক্ষিক অবস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির ওপরও গুরুত্বারোপ করেন ইরানি পার্লামেন্ট স্পিকার। তিনি উল্লেখ করেন, সামরিক প্রস্তুতির পাশাপাশি মূল্যস্ফীতি, বেকারত্ব এবং নিত্যপণ্যের দামের অস্থিরতা মোকাবিলা করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ইসরায়েলি ভূখণ্ড ও একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান। পরবর্তীতে এপ্রিল মাসে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি অর্জিত হয় এবং যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। তবে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের অধিকার নিয়ে মতভেদের কারণে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত শান্তি চুক্তি সম্ভব হয়নি।

