ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভায় একটি কনফেকশনারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কারখানাটি জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে বানতেন প্রদেশের সেরাঙ্গ জেলায় অবস্থিত।
বানতেনের গভর্নর আন্দ্রা সনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৬০ জন শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে (০৯:৩০ জিএমটি) ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, তবে উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই কারখানাটি পুরোপুরি আগুনের গ্রাসে পরিণত হয়েছিল। অগ্নিনির্বাপক কর্মকর্তা তুবুগাস মাচফুজ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ায় কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর ছিল কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।
রবিবার পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ জন জীবিত উদ্ধার হয়েছেন এবং চারজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে অন্তত একজনের মরদেহ উদ্ধার করেছেন। উদ্ধারকারী দল তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে ভিড় করছেন এবং প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছেন।
অগ্নিকাণ্ডের শিকার এই কারখানাটির মালিক পিটি ফানুসা আগুং মুলিয়া। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় কোম্পানি ইউনিফামের একটি সহযোগী প্রতিষ্ঠান।

