নির্ধারিত সময় পেরিয়ে রবিবার পর্যন্ত গড়ানো জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গরিব দেশগুলোর জন্য অর্থায়ন ইস্যুতে ধনী ও দরিদ্র দেশগুলোর মতপার্থক্য দূর না হওয়ায় সম্মেলনটি ব্যর্থতায় পর্যবসিত হয়।
শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতার শেষ চেষ্টায় এটি রবিবার পর্যন্ত গড়ায়, যা জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়েছে। ২০০৯ সালে কোপেনহেগেনে আয়োজিত সম্মেলনের পর এই প্রথম কোনো কপ সম্মেলনের মূল রাজনৈতিক ঘোষণা এভাবে পুরোপুরি ভেস্তে গেল।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর মেয়াদের শেষ জলবায়ু সম্মেলনে এমন ব্যর্থতায় "গভীরভাবে হতাশ" বলে জানান। তিনি শক্তিশালী জীবাশ্ম জ্বালানি গোষ্ঠীগুলোর তীব্র সমালোচনা করে বলেন, তামাক শিল্পপ্রতিষ্ঠানগুলোর মতো কৌশল নিয়ে তারা বিজ্ঞানকে বিকৃত করছে, নীতি নির্ধারণে বিলম্ব ঘটাচ্ছে, পদক্ষেপ গ্রহণে বাধা দিচ্ছে এবং মোটা অঙ্কের মুনাফা পকেটে পুরছে; অথচ সাধারণ মানুষকে এর জন্য মাশুল গুনতে হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি ও আইরিশ মন্ত্রী ড্যারা ও'ব্রায়েনও এই ফলাফলের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যে পর্যায়ের উচ্চাকাঙ্ক্ষা প্রয়োজন, এই সিদ্ধান্তের ধারেকাছেও তা নেই। জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না রেখে কোনো জলবায়ু চুক্তি করা এককথায় বিবেকহীন কাজ।
অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব জানান, আরব দেশগুলো সৎ বিশ্বাস থেকেই আলোচনায় অংশ নিয়েছিল। তবে তিনি যুক্তি দেন যে, ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তাদের অবদান অত্যন্ত নগণ্য। কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি নিয়ে "স্লোগান না দেওয়ার" পরামর্শ দিয়ে রাশিয়া সতর্ক করে যে, এসব জ্বালানি থেকে দ্রুত সরে এলে তা "জ্বালানি দারিদ্র্য" তৈরি করবে।
অপরদিকে যুক্তরাজ্যের জ্বালানি সচিব মিয়াতা ফাহনবুলে এই ব্যর্থতাকে "অত্যন্ত হতাশাজনক" বলে অভিহিত করলেও জানান, অ্যান্টালিয়ায় জলবায়ু সংকট মোকাবিলায় অর্জিত বাস্তব অগ্রগতির ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তাদের অঙ্গীকার সুদৃঢ় রয়েছে।
সম্মেলনে বড় আকারের বিরোধের আরেকটি ক্ষেত্র ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব, যেমন অতিরিক্ত দাবাদাহ ও খরা মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অর্থায়ন। গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে জলবায়ু অভিযোজন সংক্রান্ত অর্থ তিন গুণ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছিল। আফ্রিকান থিঙ্কট্যাঙ্ক ‘পাওয়ার শিফ্ট আফ্রিকা’-এর প্রধান মোহামেদ আদো ধনী ও পরিবেশ দূষণকারী সরকারগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা বারবার খালি হাতে বৈঠকে আসতে পারে না। তুরস্কের অ্যান্টালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হলেও আলোচনার দাপ্তরিক নেতৃত্ব দিয়েছিল অস্ট্রেলিয়া, যা পর্যবেক্ষকদের মতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছিল।
আলোচনার নেতৃত্ব দেওয়া অস্ট্রেলীয় মন্ত্রী ও কপ৩১ সভাপতি ক্রিস বোয়েন জানান, সমঝোতার ক্ষেত্রে কিছু "অলঙ্ঘনীয় সীমা" ছিল। তিনি বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে জটিল ও উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে।
২০২৬ সালটি বিশ্বের ইতিহাসে উষ্ণতম বছর হিসেবে নথিভুক্ত হওয়ার পথে রয়েছে, যা ইউরোপের দাবাদাহ ও খরা থেকে শুরু করে নেপালের আকস্মিক বন্যার মতো তীব্র চরম ভাবাপন্ন আবহাওয়া উপহার দিয়েছে। কপ৩১ সম্মেলনটিই প্রথম ইউএন সম্মেলন যেখানে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয় যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল লক্ষ্যমাত্রা কীভাবে হাতছাড়া হতে চলেছে।
২০১৫ সালের প্যারিস চুক্তিতে ১৮০০ শতকের প্রাক-শিল্পায়নের সময়ের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার যে লক্ষ্য নির্ধারিত হয়েছিল, জাতিসংঘের মতে বর্তমান নীতি অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা প্রায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
ফলে আগামী কয়েক বছরের মধ্যেই উষ্ণতা ১.৫ ডিগ্রি সীমা ছাড়িয়ে বা ‘ওভারশুট’ করতে পারে। অনেক দেশ উষ্ণতা পুনরায় ১.৫ ডিগ্রিতে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে নেওয়ার যেসব প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে, তা এখনো বৃহৎ পরিসরে সহজলভ্য নয়।
এই সম্মেলনের পর সর্বসম্মত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে চলা জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়া বিভক্ত ভূরাজনীতিতে কার্যকর কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান সাইমন স্টিল জানান, তিনি এই প্রক্রিয়ার সম্ভাব্য সংস্কার নিয়ে পরামর্শ নেবেন। জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলন (কপ৩২) ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাইমন স্টিল বিবিসিকে বলেন, অতীতের প্যারিস চুক্তিসহ অনেক সাফল্য এই ঐকমত্য প্রক্রিয়ার মাধ্যমেই এসেছে, তাই এটি কার্যকর হতে পারে।
তবে তিনি স্বীকার করেন যে রোববারের সম্মেলন কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘের জলবায়ু প্রক্রিয়া আগেও ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে; এবারও তা-ই ঘটতে হবে।

