যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় সরাসরি জেট ব্রিজের ওপর থেকে হঠাৎ মাস্ক পরা অভিবাসন কর্মকর্তা (আইসিই) কর্তৃক দুজন যাত্রীকে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। থ্যাংকসগিভিং ছুটির আগের ব্যস্ত সপ্তাহান্তে শনিবার ঘটে যাওয়া এই ঘটনাকে অ্যালাস্কা এয়ারলাইন্স যাত্রী ও কর্মীদের জন্য অত্যন্ত পীরণদায়ক এবং অস্বস্তিকর হিসেবে আখ্যায়িত করেছে। লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটটি এ ঘটনার কারণে কয়েক ঘণ্টা বিলম্বিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিয়াটল-টাকোমা বিমানবন্দরে আইসিই কর্মকর্তারা অন্তত এক যাত্রীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। সে সময় এক নারীকে আকুল কণ্ঠে চিৎকার করে বলতে শোনা যায় যে তাঁর মেয়েকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁর কাছে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) রয়েছে। ঘটনাস্থলে থাকা মাস্ক পরা কর্মকর্তাদের পরনে ছিল কোনো পরিচয়চিহ্ন ছাড়া জ্যাকেট ও খাকি প্যান্ট। ট্রলি ব্যাগ হাতে যাত্রীরা চারপাশে দাঁড়িয়ে দৃশ্যটি দেখার মধ্যেই কর্মকর্তাদের মাটিতে থাকা এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।
অ্যালাস্কা এয়ারলাইন্স জানিয়েছে, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা এই অভিযান চালানোর আগে বিমান সংস্থাকে কোনো আগাম বার্তা দেননি। অ্যালাস্কা এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, ফ্লাইট ১৩০৬ সকাল ৮:৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও কয়েকজন কেবিন ক্রু সদস্য ঘটনার আকস্মিকতায় ডিউটি থেকে অব্যাহতির অনুরোধ জানান। পরবর্তীতে সম্পূর্ণ নতুন ক্রু দল এনে সকাল ১১:০৩ মিনিটে বিমানটি লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওয়ানা হয়। এয়ারলাইন্সটি বিবৃতিতে বলেছে, বোডিংয়ের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) একজন মুখপাত্র জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে আইসিই কর্মকর্তারা এই অভিযান চালান। গ্রেপ্তারের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের দ্বিতীয় এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুঁড়ে মারেন। পরে মেজিয়াকেও গ্রেপ্তার করা হয়; তিনিও ভিসার মেয়াদ পার হওয়া মেক্সিকান নাগরিক। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে আক্রমণের দায়ে ফেডারেল মামলা দেওয়া হবে। ডিএইচএসের একটি সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে বাবা ও মেয়ে।
অভিবাসন বিষয়ক আইনজীবী অলিয়া ক্যাটালা জানান, মেন্ডোজা ও মেজিয়া দুজনেই ওয়াশিংটনের টাকোমায় অবস্থিত নর্থওয়েস্ট প্রসেসিং সেন্টারে আইসিই-এর হেফাজতে রয়েছেন। রোববার রাতে ওই প্রসেসিং কেন্দ্রে গিয়ে মক্কেলদের সঙ্গে দেখা করার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।
ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওয়াশিংটনের ডেমোক্রেটিক রিপ্রেজেনটেটিভ অ্যাডাম স্মিথ এক বিবৃতিতে বলেন, মাস্ক পরা আইসিই এজেন্টরা সিয়াটল-টাকোমা বিমানবন্দরে লাইনে থাকা যাত্রীকে জোরপূর্বক টেনে নিয়ে আটক করেছে। ওয়াশিংটনের ডেমোক্রেটিক রিপ্রেজেনটেটিভ প্রমিলা জয়পাল সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, বিমানবন্দরে আটকের এই ঘটনায় তিনি উদ্বিগ্ন এবং তাঁর কার্যালয় বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে ফার্গুসন এক বিবৃতিতে বলেন, আইসিই সংস্থাটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মুখোশধারী এজেন্টরা পরিচয় না দিয়ে মানুষকে টেনে-হিঁচড়ে নিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে।
সিয়াটল বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা 'পোর্ট অব সিয়াটল' জানিয়েছে, এই গ্রেপ্তার ভুক্তভোগী পরিবারের পাশাপাশি অন্যান্য যাত্রীদের জন্যও অত্যন্ত পীড়াদায়ক ছিল। ঘটনার বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে। অ্যালাস্কা এয়ারলাইন্সও জানিয়েছে, তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে মিলে প্রোটোকল মানা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে এবং সরাসরি উপযুক্ত কর্তৃপক্ষের কাছেও উদ্বেগ প্রকাশ করেছে।
চলতি বছরের গ্রীষ্ম মৌসুম থেকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আইসিই গ্রেপ্তার বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যারা অতীতে ভিসার অতিরিক্ত সময় অবস্থান করেছেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) সঙ্গে সমন্বয় বৃদ্ধির ফলেই এই গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে বলে আইসিই সূত্র জানিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরে নিউরোসায়েন্স কনফারেন্স শেষে বের হওয়ার সময় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের এক চীনা শিক্ষার্থীকেও আটক করে আইসিই।
ডিএইচএসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই সর্বমোট রেকর্ড ৪ লাখ ৯১ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে প্রায় ৪ লাখ ৭৫ হাজারটি ছিল প্রশাসনিক গ্রেপ্তার। রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে হারের পর 'সিক্সটি মিনিটস' (60 Minutes) সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন যে তাঁর প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নির্বাচনে প্রভাব ফেলেছিল। সেখানে ট্রাম্প মন্তব্য করেন, অপরাধীদের বের করার ক্ষেত্রে তিনি ভালো নম্বর পেলেও, যেসব ভালো মানুষ কেবল নিয়ম ভেঙে প্রবেশ করে কাজ ও ট্যাক্স দিচ্ছিল, তাদের বের করে দেওয়া নিয়ে দেশ দুই ভাগে বিভক্ত ছিল। নিজের নীতি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, এটি অনেকের কাছে ভালো মনে হলেও অনেকের কাছেই অতিরিক্ত কঠোর মনে হয়েছে।

