ভারতের পশ্চিম উপকূলের ১৬ শতকের প্রাচীন বন্দর শহর মান্ডভিতে আজও টিকে আছে ঐতিহ্যবাহী বিশাল কাঠের জাহাজ বা 'দাউ' নির্মাণের শিল্প। এই জাহাজ নির্মাণ প্রক্রিয়াটি কেবল একটি প্রযুক্তিগত কাজই নয়, বরং এটি স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। একটি জাহাজ নির্মাণের কাজ শেষ করতে কারিগরদের প্রায় তিন বছর সময় লাগে।
১৬ শতকে কুচ রাজ্যের শাসকরা মান্ডভি শহরটি প্রতিষ্ঠা করেন। রুক্মবতী নদীর মোহনায় অবস্থিত এই শহরটি আরব সাগরের উপকূলে হওয়ায় খুব দ্রুতই ভারত মহাসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে পরিচিতি পায়। বর্ষা মৌসুমের হাওয়াকে কাজে লাগিয়ে এই বন্দরের জাহাজগুলো আরব উপদ্বীপ, পারস্য উপসাগর এবং পূর্ব আফ্রিকার সাথে বিশাল এক সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলেছিল। সেই সময় মান্ডভি থেকে সুতি বস্ত্র, নীল, শস্য এবং হস্তশিল্প রপ্তানি করা হতো। বিনিময়ে আসত খেজুর, মুক্তা, আরবীয় ঘোড়া এবং বিলাসদ্রব্য।
মান্ডভির জাহাজ নির্মাণ কারখানাগুলো বিশাল আকারের সেগুন কাঠের দাউ তৈরির জন্য বিশ্বজুড়ে সমাদৃত ছিল। এই শিল্প আজও স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম স্তম্ভ হিসেবে টিকে আছে। এখানকার 'মিস্ট্রি' বা মাস্টার শিপরাইটরা কোনো লিখিত নকশা ছাড়াই কেবল অভিজ্ঞতার ভিত্তিতে জাহাজের কাঠামো তৈরি করেন। সেগুন কাঠ কেটে জাহাজের ফ্রেম, কিল এবং অন্যান্য অংশ তৈরির প্রতিটি ধাপ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়।
১৯ শতকের দিকে বাষ্পীয় জাহাজের আগমন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাবে মান্ডভির সামুদ্রিক বাণিজ্যে ভাটা পড়তে শুরু করে। ব্রিটিশরা তাদের নিজেদের স্বার্থে সামুদ্রিক বাণিজ্যের রুট বদলে ফেলায় মুম্বাইয়ের মতো আধুনিক বন্দরগুলো প্রাধান্য পেতে থাকে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর কাছাকাছি কান্দলা বন্দর গড়ে ওঠায় মান্ডভির বাণিজ্যিক গুরুত্ব আরও হ্রাস পায়। ২০০১ সালের ভয়াবহ ভূমিকম্পে শহরের অনেক পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়, যা এর শহুরে রূপান্তরকে ত্বরান্বিত করে।
এত প্রতিকূলতার মাঝেও মান্ডভি তার ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণ শিল্পকে ধরে রেখেছে। আজও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ এখানে জাহাজ নির্মাণে নিয়োজিত। এদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশি হলেও, জাহাজ নির্মাণ এখানে একটি প্রাচীন হিন্দু ঐতিহ্যেরও অংশ। বর্তমানে জাহাজ নির্মাণের পাশাপাশি শহরটি তার অবহেলিত স্থাপত্য এবং সমুদ্র সৈকতের জন্য পরিচিত, যা স্থানীয় মধ্যবিত্ত ও পর্যটকদের আকর্ষণ করে।

