ইসরায়েলের ওফার কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিরা ভয়াবহ খাদ্য বঞ্চনা, চিকিৎসা অবহেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছেন। ফিলিস্তিনি বন্দি বিষয়ক কমিশনের ২৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এসব অমানবিক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। কমিশনের একজন আইনজীবী কারাগারটি পরিদর্শন করার পর এই প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদন অনুযায়ী, কারাগারে বন্দিদের মধ্যে ব্যাপক হারে চর্মরোগ ছড়িয়ে পড়েছে এবং তারা উদ্বেগজনকভাবে ওজন হারাচ্ছেন। একজন বন্দি প্রায় ৫০ কেজি এবং ১৫ বছর বয়সী এক কিশোর বন্দি ২৬ কেজি ওজন হারিয়েছে বলে কমিশন জানিয়েছে। এছাড়া অসুস্থ বন্দিদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে, যার ফলে তাদের শারীরিক অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।
বন্দিরা তাদের ওপর নিয়মিত নির্যাতনের অভিযোগও তুলেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘ সময় ধরে জোরপূর্বক হাঁটু গেড়ে বসিয়ে রাখা, নিয়মিত সেলে তল্লাশি চালানো এবং বন্দিদের ব্যক্তিগত জিনিসপত্র বাজেয়াপ্ত করা। কারাগারের প্রহরীরা রাতে সেলের জানালা খোলা রেখে বন্দিদের তীব্র শীতের মধ্যে ফেলে রাখে। এছাড়া, গোসলের সময় মাত্র ১০ মিনিটে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং মৌলিক স্বাস্থ্যবিধি পালনের প্রয়োজনীয় উপকরণগুলোও তাদের দেওয়া হচ্ছে না।
মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের মাত্রা বহুগুণ বেড়েছে। এই অমানবিক পরিস্থিতির কারণে এরই মধ্যে হেফাজতে থাকা অবস্থায় বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

