ইংলিশ চ্যানেলে সক্রিয় অভিবাসী পাচারকারী চক্রগুলোকে নৌকা ও ইঞ্জিন সরবরাহের অভিযোগে এক জার্মান ব্যবসায়ীকে নিয়ে তদন্ত চালাচ্ছে ইউরোপীয় কর্তৃপক্ষ। বিবিসি’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, জার্মান পুলিশ যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছে, চলতি বছরের প্রথম চার মাসে চ্যানেল পাড়ি দেওয়া ছোট নৌকাগুলোর ২৯% ই জার্মানির ডর্টমুন্ডের কাছে অবস্থিত ‘মা-রে-বুটে’ (MaReBoote) নামক ছোট ওই প্রতিষ্ঠানের সরবরাহ করা। ২০২১ সালের একটি প্রেস ছবিতে মারভিন রয়টারের প্রতিষ্ঠানের লোগোযুক্ত নৌকায় অভিবাসীদের দেখা গিয়েছিল। সেই সময় ২০২১ সালে রয়টার সান ও গার্ডিয়ানকে বলেছিলেন, তার নৌকাগুলো পাচারকারীদের হাতে চলে যাওয়ায় তিনি হতাশ ও উদ্বিগ্ন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ৩৫ বছর বয়সী মারভিন রয়টার বর্তমানে ফ্রান্সের কাছে হস্তান্তরের বিরুদ্ধে আইনি লড়াই করছেন। ফ্রান্সের কৌঁসুলিরা তার বিরুদ্ধে পাচার, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছেন। মে মাসে জারি করা এই পরোয়ানাটি ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলা অপরাধের সাথে সম্পর্কিত। রয়টারের সরবরাহ করা সরঞ্জাম দুটি প্রাণঘাতী দুর্ঘটনার সাথে সম্পর্কিত বলে সন্দেহ করা হচ্ছে, যেখানে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় ২০২৫ সালের জানুয়ারিতে ক্যালেসের পশ্চিমে একটি ব্যর্থ যাত্রার সময় ভিড়ে ঠাসা ডিঙি নৌকায় পিষ্ট হয়ে এক সিরীয় নাগরিকের মৃত্যু হয়।
বিবিসি, জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআর (WDR) ও এনডিআর (NDR), সংবাদমাধ্যম জুটডয়েচে জেইতুং (SZ) এবং ফ্রান্সের লি মন্ড (Le Monde) যৌথভাবে শত শত পুলিশি ও আদালতের নথি পর্যালোচনা করে এই তথ্য পেয়েছে। তদন্তকারীদের মতে, রয়টারের সাথে পাচারকারী নেটওয়ার্কগুলোর দীর্ঘস্থায়ী ও স্পষ্ট যোগসূত্র রয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা প্রতিটি ড্রপের জন্য ১০০০ ইউরো (৮৩০ পাউন্ড) পর্যন্ত পেতেন। ফরাসি তদন্ত অনুযায়ী, মে মাস পর্যন্ত দুই বছরেরও বেশি সময়ে অন্তত ৮২টি নৌকা তার প্রতিষ্ঠান থেকে ইংলিশ উপকূলে পৌঁছেছে।
তদন্তের অন্যতম মোড় আসে মে মাসে ফ্রান্সের বুলোন-সুর-মের বন্দরে একটি বিএমডব্লিউ গাড়ি আটকের মাধ্যমে। ওই গাড়িতে জ্বালানি তেল, নৌকার ইঞ্জিন ও একটি ফোলানো ডিঙি নৌকা পাওয়া যায়। আটককৃত দুই জার্মান নাগরিক স্বীকার করেন যে, তারা পাচারকারীদের সহায়তায় এই সরঞ্জামগুলো পৌঁছে দিচ্ছিলেন এবং মারভিন রয়টারই তাদের এই কাজের জন্য নিয়োগ দিয়েছিলেন। রয়টারকে মে মাসে জার্মানিতে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয়। একই সময়ে জার্মান পুলিশ তার গুদাম থেকে ৩০টিরও বেশি ডিঙি নৌকা ও ৯০০০ লাইফ জ্যাকেট জব্দ করে।
রয়টারের আইনজীবী তার মক্কেলকে ফ্রান্সে হস্তান্তরের বিরোধিতা করে বলছেন, তাকে যেন জার্মানিতেই বিচারের মুখোমুখি করা হয়। ফ্রান্সের কৌঁসুলি স্যামুয়েল ফিনিয়েলজ জানিয়েছেন, নৌকা বিক্রি আইনত বৈধ হলেও যখন বিক্রেতা জানেন যে এটি অবৈধ অভিবাসন বা মানব পাচারে ব্যবহৃত হবে, তখন তা অপরাধ হিসেবে গণ্য হয়। রয়টারের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যা ২৬ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকতে পারে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (NCA) উপ-পরিচালক ড্যান ক্যানেটেলা-বারক্রফট জানিয়েছেন, ছোট নৌকায় অভিবাসী পাচারের সরঞ্জামগুলোর বেশিরভাগই জার্মানি হয়ে আসে, যা মূলত চীন থেকে তুরস্কের মাধ্যমে ইউরোপে পৌঁছায়। যুক্তরাজ্য ও ইউরোপে অভিবাসী পাচার রোধে জার্মানির কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে এনসিএ। রয়টারকে নিয়ে করা মন্তব্যের অনুরোধে তিনি কোনো সাড়া দেননি এবং উল্টো বিবিসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন। বর্তমানে রয়টার নির্দোষ বলে বিবেচিত হবেন যতক্ষণ না আদালতে তার অপরাধ প্রমাণিত হয়।

