সিরি বি ক্লাব এম্পোলি তাদের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন এনেছে। দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬ বছর বয়সী লরেঞ্জো টোনেলি। তার কোচিং স্টাফে যোগ দিয়েছেন নাপোলি ও স্পেনের সাবেক ডিফেন্ডার রাউল আলবিওল।
চলতি মৌসুমে এম্পোলির পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। ১৩ ম্যাচে মাত্র দুটি জয়, তিনটি ড্র এবং আটটি হারের পর পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কোচ মাতেও আন্দ্রেওলেত্তিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ। তার পরিবর্তে আজ আনুষ্ঠানিকভাবে টোনেলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত কোচিং লাইসেন্স না থাকায় আপাতত অস্থায়ী ভিত্তিতেই কাজ করবেন তিনি।
সাবেক এই ডিফেন্ডার এম্পোলির যুব একাডেমি থেকেই উঠে এসেছেন। নাপোলি এবং সাম্পদোরিয়ার হয়ে খেলার পর ২০২১ সালে তিনি পুনরায় এম্পোলিতে ফিরে আসেন এবং ২০২৪ সালে অবসর গ্রহণ করেন।
স্কাই স্পোর্ট ইতালির তথ্য অনুযায়ী, টোনেলি তার সাবেক নাপোলি সতীর্থ আলবিওলকে তার কোচিং স্টাফে যোগ দেওয়ার অনুরোধ জানান। আলবিওল প্রাথমিকভাবে ম্যাচ অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করবেন। ২০২৬ সালে পিসা থেকে অবসরের পর এটিই স্প্যানিশ এই তারকার প্রথম কোচিংয়ের অভিজ্ঞতা। ৪১ বছর বয়সী আলবিওল তার খেলোয়াড়ি জীবনে ভ্যালেন্সিয়া, গেটাফে, রিয়াল মাদ্রিদ, নাপোলি, ভিয়ারিয়াল এবং পিসার হয়ে খেলেছেন। এছাড়া তিনি স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এবং দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
এম্পোলির নতুন কোচিং প্যানেলে সহকারী ম্যানেজার হিসেবে থাকছেন আরেক সাবেক খেলোয়াড় ও স্ট্রাইকার ফ্রান্সেস্কো তাভানো।

