লিবিয়ার সঙ্গে ২০১৯ সালে স্বাক্ষরিত সামুদ্রিক সীমা নির্ধারণ চুক্তি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের গৃহীত সাম্প্রতিক একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে একপেশে এবং ভিত্তিহীন অভিযোগের ওপর প্রতিষ্ঠিত বলে অভিহিত করেছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে তুরস্ক ও লিবিয়ার মধ্যকার ‘সামুদ্রিক এখতিয়ার এলাকা নির্ধারণ বিষয়ক সমঝোতা স্মারক’ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। তুরস্ক এই সিদ্ধান্তটি পুরোপুরি বাতিল ও প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, সামুদ্রিক সীমানা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা হস্তক্ষেপ করার কোনো আইনি কর্তৃত্ব ইউরোপীয় ইউনিয়নের নেই। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব বিচার আদালত (ইইউ কোর্ট অব জাস্টিস)-এর পূর্ববর্তী রায়েও এই বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জোটের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথাকথিত সংহতির দোহাই দিয়ে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যে প্রস্তাব গ্রহণের এই ধরনের প্রচেষ্টা সম্পূর্ণ নিরর্থক।
পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, সংলাপ, সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমেই কেবল স্থিতিশীলতা সম্ভব। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের এসব নীতির ভিত্তিতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

