শনিবার, ১ আগস্ট আইডাহোর টুইন ফলস এলাকায় ইন-এন-আউট বার্গারের কাছে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। টুইন ফলস পুলিশ বিভাগের প্রধান ম্যাথিউ হিকস এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, সন্দেহভাজন বন্দুকধারী মারা গেছেন এবং বর্তমানে স্থানীয়দের জন্য কোনো হুমকি নেই।
ঘটনাটি ঘটে ব্লু লেকস বুলেভার্ড নর্থ এলাকায়, যা শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক করিডোর। এই এলাকায় বেশ কিছু বড় দোকানপাট ও একটি সিনেমা হল রয়েছে। পুলিশ প্রধান জানান, গোলাগুলিতে হতাহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ শত শত মানুষের সাক্ষাৎকার নিচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় বা ঘটনার পেছনে থাকা মোটিভ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ম্যাথিউ হিকস এই দিনটিকে টুইন ফলসের জন্য একটি অত্যন্ত কঠিন এবং মর্মান্তিক দিন হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় সময় বিকেল ৩টার কিছুক্ষণ পর পুলিশ প্রথম এই 'অ্যাক্টিভ শ্যুটার' বা সক্রিয় বন্দুকধারীর ঘটনার খবর পায়। এরপরই পুলিশ ও জরুরি সেবার কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয় এবং তদন্তের সুবিধার্থে নিকটবর্তী সেতুসহ আশপাশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়।
আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় টুইন ফলসবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন। এদিকে, এফবিআই স্থানীয় পুলিশকে তদন্তে সহায়তা করার জন্য এজেন্ট পাঠিয়েছে, তবে তদন্তের মূল দায়িত্ব স্থানীয় পুলিশের হাতেই রয়েছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় এবং ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
