মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক পার্টির উদীয়মান নেতা আবদুল এল-সায়েদ (আবদুল রহমান মোহামেদ এল-সায়েদ)। সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ মাইক রজার্সকে প্রায় সাত শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে এই সাফল্য পান তিনি। নির্বাচনে এল-সায়েদ পান ৫২.৫ শতাংশ ভোট, বিপরীতে রজার্স পান ৪৫.৫ শতাংশ ভোট। দেশজুড়ে ডেমোক্র্যাটদের শুভসূচনার দিনে এই বিজয়ের পর আগামী জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সেনেটর হিসেবে শপথ নেবেন।
মিশরের অভিবাসী দম্পতির সন্তান এল-সায়েদের জন্য এই নির্বাচন একেবারেই সহজ ছিল না। নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানদের মূল নিশানায় পরিণত হয়েছিলেন তিনি। তবে সব অপপ্রচার পেছনে ফেলে মঙ্গলবার রাতে ডেট্রয়েটের প্রাণকেন্দ্রে আয়োজিত বিজয় সমাবেশে তিনি সমর্থকদের করতালির মধ্যে নিজের পূর্ণ নাম ‘আবদুল রহমান মোহামেদ এল-সায়েদ’ উল্লেখ করে ভাষণ শুরু করেন। মিশিগানের ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অত্যন্ত কম সম্ভাবনাময় একজন প্রার্থীর ওপর আস্থা রাখার জন্য তিনি কৃতজ্ঞ।
নির্বাচনী লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান শীর্ষ নেতারা এল-সায়েদের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে একের পর এক কুরুচিপূর্ণ আক্রমণ চালান। গত ২৫ অক্টোবর পোর্ট হিউরনের এক সমাবেশে ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই এল-সায়েদকে ‘জিহাদি’ ও ‘মুসলিম ব্রাদারহুডের সদস্য’ হিসেবে আখ্যা দেন। ট্রাম্প দাবি করেন, এল-সায়েদ সন্ত্রাসীদের পক্ষে এবং সেনেটে প্রবেশের আগে তাঁকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে। একইভাবে লুইসিয়ানা রাজ্যের সেনেটর জন কেনেডি মন্তব্য করেন যে এল-সায়েদ ‘বিন লাদেনের জার্সি পরে ঘুমান’। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ তাঁকে ‘জিহাদি লেপ্রেকন’ বলে কটূক্তি করেন এবং রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স তাঁকে ‘দুষ্ট’ বলে অভিহিত করেন।
এছাড়া রিপাবলিকানদের প্রভাবশালী সুপার প্যাক ‘সেনেট লিডারশিপ ফান্ড’-এর প্রচারিত লিফলেটে এল-সায়েদকে শরিয়াহ আইনের সমর্থক হিসেবে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, তাঁর চিন্তাভাবনা নারীদের পোশাক নির্ধারণ করে, নারীদের জন্য অভিভাবক থাকা বাধ্যতামূলক করে এবং নারীদের তালাক পাওয়ার অধিকার নিষিদ্ধ করে। এসব আক্রমণের জবাবে রসবোধের পরিচয় দিয়ে এল-সায়েদ একবার ঠাট্টা করে বলেছিলেন, তিনি আসলে ‘শারমা আইন’ (Shawarma law) সমর্থন করেন। এর আগে অক্টোবরে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডানপন্থীদের এসব অপপ্রচার থেকে তিনি পিছিয়ে যাচ্ছেন না। এক টাউন হল সভায় এক ব্যক্তি তাঁকে মুসলিম ব্রাদারহুডকে প্রত্যাখ্যান করার কথা বললে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘আপনি আসলে কী ইঙ্গিত করছেন?’ সেই কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
এল-সায়েদের এই ঐতিহাসিক বিজয়ে যুক্তরাষ্ট্রের মুসলিম ও আরব-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। দিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদ বলেন, ভোটাররা এল-সায়েদ কোন দিকে মুখ করে প্রার্থনা করেন তা না দেখেই তাঁকে নির্বাচিত করেছেন। এটিকে তিনি ‘একটি চমৎকার আমেরিকান গল্প’ হিসেবে বর্ণনা করেন। আরব আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মায়া বেরি একে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে বলেন, এটি প্রতিটি ছোট ছেলে ‘আবদুল’ এবং প্রতিটি ছোট মেয়ে ‘জয়নাব’-এর জন্য এক বিশাল অর্জন, যা একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের বাস্তব রূপ তুলে ধরে। অন্যদিকে ডেমোক্রেটিক দলের হয়ে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পেতেও সফল হন তিনি। এনবিসি-র এক্সিট পোল অনুযায়ী, ২০২৪ সালে ইলিসা স্লটকিন ৮৫ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোট পেয়েছিলেন, যেখানে এল-সায়েদ পান প্রায় ৮৬ শতাংশ ভোট।
তবে এল-সায়েদের বক্তব্য এবং বিজয়ী ভাষণে কিছু ইহুদি নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। আমেরিকান জুয়িশ কমিটির ডেট্রয়েটের কমিউনিটি ডিরেক্টর অ্যামি স্যাপেইকা জানান, এল-সায়েদের দৃষ্টিভঙ্গি তাঁদের সম্প্রদায়ের অনেককে, বিশেষ করে যাঁরা ইসরায়েলকে সমর্থন করেন, তাঁদের মধ্যে এক ধরনের বাদ পড়ার অনুভূতি তৈরি করেছে।
ইসরায়েল ইস্যুতে এল-সায়েদ তাঁর পূর্বের অবস্থান বজায় রেখেছেন। প্রচারাভিযানে তিনি ইসরায়েলকে দেওয়া বার্ষিক চার বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানান। নির্বাচনের দিন সকালে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ট্রাম্প মন্তব্য করেন যে বছরের শেষেই ইসরায়েলের জন্য মার্কিন সাহায্য বন্ধ করা হতে পারে, এবং এর জন্য তিনি এল-সায়েদের মতো প্রাতষ্ঠানিক নেতাদের দায়ী করেন। এল-সায়েদ ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানান এবং অস্ত্র বিক্রি স্থায়ীভাবে বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন। প্রাইমারি ও সাধারণ নির্বাচন মিলিয়ে এল-সায়েদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীরা প্রায় ১৬৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন। এএপিআই ভিক্টরি ফান্ডের প্রধান শেখর নরসিমহান বলেন, এল-সায়েদের ওপর মূল দায়িত্ব হলো মিশিগানের মানুষের সঠিক প্রতিনিধিত্ব করা। মিশিগান স্টেট ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক ম্যাট গ্রসমান উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আকর্ষণীয় ব্যক্তিত্ব হওয়ায় ওয়াশিংটনে শুরু থেকেই এল-সায়েদের ওপর বিশেষ নজর থাকবে।
নির্বাচনের পর বৃহস্পতিবার সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এল-সায়েদ স্পষ্ট জানান যে তিনি ট্রাম্প বা ভ্যান্সের বিষয়ে তাঁর রাজনৈতিক সুর নরম করবেন না। তিনি বলেন, জেডি ভ্যান্সের কথা ও কাজের পার্থক্য তুলে ধরার প্রতিটি সুযোগ তিনি নেবেন এবং দাপ্তরিক পদের বাইরে তাঁদের আচরণ অত্যন্ত ‘ঘৃণ্য’। তবে নিজ রাজ্যের স্বার্থে সবার সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে তিনি যোগ করেন, মিশিগানের মানুষের সেবা করার জন্য আমি যে কারও সাথে কাজ করতে প্রস্তুত। যদি তাঁরা সত্যি কাজ করতে চান, তবে আসুন একসাথে কাজ করি।

