কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর ধারাবাহিক হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় দুটি সিভিল সোসাইটি ও মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে মাামবাসা অঞ্চলের আটটি ভিন্ন স্থানে এই হামলাগুলো চালানো হয়। প্রাণহানির পাশাপাশি এই ঘটনায় অন্তত ১০ জনকে অপহরণ করা হয়েছে।
মাামবাসা অঞ্চলে সিভিল সোসাইটি অব কঙ্গোর সমন্বয়কারী মেরি-নোয়েল আনাটোবে জানিয়েছেন, নিহতের সংখ্যাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি অনেক বাড়িঘর এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।
উগান্ডা ও কঙ্গো সীমান্তের দুর্গম এলাকায় এই হামলার ঘটনাগুলো ঘটেছে। অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস মূলত উগান্ডা থেকে উদ্ভূত একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা বছরের পর বছর ধরে কঙ্গো সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। ২০১৯ সালে গোষ্ঠীটি আনুষ্ঠানিকভাবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রতি আনুগত্য ঘোষণা করে।
উগান্ডা ও কঙ্গোর সেনাবাহিনী যৌথভাবে এই বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালালেও দীর্ঘ সময় ধরে তারা এদের দমনে হিমশিম খাচ্ছে। স্থানীয়দের মতে, হামলার সময় প্রায়শই সামরিক বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। গত বছর ইতুরি প্রদেশের ইরুমু অঞ্চলে গোষ্ঠীটি কয়েক ডজন মানুষকে হত্যা করেছিল, যাকে জাতিসংঘ একটি 'রক্তস্নাত' ঘটনা হিসেবে বর্ণনা করেছিল।
মাামবাসা অঞ্চলের অসহায় নারী ও শিশুদের সুরক্ষা ও প্রতিরক্ষা সমিতির সমন্বয়কারী রামস মালিকিদোগো বলেন, 'আজ সকালে আমাদের কেবল মৃতদেহ গণনা করতে হয়েছে। এটি সত্যিই অত্যন্ত দুঃখজনক।'

