ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে’র মতো বড় কেনাকাটার উৎসবে অ্যামাজনের দেওয়া ছাড়গুলো সবসময় প্রকৃত ডিল বা সাশ্রয়ী নয় বলে দাবি করেছে ওয়াশিংটন ডিসিভিত্তিক থিংক ট্যাংক গ্রাউন্ডওয়ার্ক। সংগঠনটির মতে, এই উৎসবগুলোর অপেক্ষায় থাকা গ্রাহকদের জন্য সবসময় লাভজনক নাও হতে পারে।
গ্রাউন্ডওয়ার্কের করা গবেষণায় দেখা গেছে, তাদের পর্যবেক্ষণ করা প্রতি ১০টি পণ্যের মধ্যে প্রায় একটির দাম এই বিশেষ ছাড়ের আগের মাসে কম ছিল। এছাড়া ২৭ শতাংশ পণ্যের দাম আগের ৯০ দিনের মধ্যে বেশি সাশ্রয়ী ছিল। গ্রাউন্ডওয়ার্কের ওভেন্স বলেন, এক বছর ধরে গবেষণার পর তারা তাদের ফলাফলের বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি জানান, তারা একটি ছোট দল হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ এই কর্পোরেশনের বিরুদ্ধে কাজ করছেন।
তবে অ্যামাজন এই প্রতিবেদনটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ১৬ নভেম্বর কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, থিংক ট্যাংকটি তাদের ছুটির দিনের বিক্রয় নিয়ে ভুল পদ্ধতি এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা দাবি প্রচার করছে। ১৩ নভেম্বর ওভেন্স ও তার সহকর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে অ্যামাজনের একজন নির্বাহী অভিযোগ করেন যে, গ্রাউন্ডওয়ার্কের প্রকৃত তথ্যের প্রতি আগ্রহ কম এবং তারা একটি পূর্বনির্ধারিত এজেন্ডা নিয়ে কাজ করছে।
প্রতিবেদনের তথ্য নিয়ে উভয় পক্ষের মধ্যে মতভেদ রয়েছে। অ্যামাজন দাবি করেছে যে, গ্রাউন্ডওয়ার্ক তাদের ২০২৬ সালের তথ্যগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে কারণ সেগুলো তাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্তের সাথে খাপ খায়নি। এর জবাবে গ্রাউন্ডওয়ার্ক জানিয়েছে, প্রাইম ডে শুধুমাত্র প্রাইম সদস্যদের জন্য হওয়ায় তারা সেই তথ্যগুলো বাদ দিয়েছে, কারণ অন্য ছুটির দিনের সেলগুলো সবার জন্য উন্মুক্ত।
অ্যামাজনের অনলাইন বিক্রয় নিয়ে এমন সমালোচনা নতুন নয়। দ্য গার্ডিয়ানের তথ্যমতে, ২০২৪ এবং ২০২৫ সালে একটি ব্রিটিশ ভোক্তা গোষ্ঠী অ্যামাজনসহ আটটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের ১৭৫টি পণ্যের দাম ট্র্যাক করে দেখেছে যে, ব্ল্যাক ফ্রাইডেতে কোনো পণ্যের দামই সর্বনিম্ন পর্যায়ে ছিল না। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও প্রাইম ডে, ব্ল্যাক ফ্রাইডে এবং সাইবার মানডে’র সময় অ্যামাজনের দেওয়া ছাড়গুলো নিয়ে গ্রাহকদের সন্দেহজনক অভিজ্ঞতার কথা প্রায়ই শোনা যায়।

