স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তুর্কি তারকা আরদা গুলের ক্লাবের সাথে তার চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিয়েছেন। নতুন এই চুক্তির ফলে ২১ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথেই থাকছেন। বুধবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২৩ সালের জুলাই মাসে মাত্র ১৮ বছর বয়সে ফেনারবাচে থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন আরদা গুলের। মাদ্রিদে আসার পর থেকে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে রয়েছে ২২টি গোল এবং ৩২টি অ্যাসিস্ট। চলতি মৌসুমে তিনি ১৪টি ম্যাচে অংশ নিয়ে ৪টি গোল করেছেন এবং ৬টি গোলে সহায়তা করেছেন। এর মধ্যে ১২টি লা লিগা ম্যাচে তার অবদান ৩টি গোল ও ৪টি অ্যাসিস্ট।
চুক্তি নবায়নের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে গুলের বলেন, রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দীর্ঘ সময় খেলা এবং নতুন নতুন শিরোপা জেতা তার স্বপ্ন। তিনি বলেন, যখন প্রথমবার এই ক্লাবের জার্সি পরেছিলেন, তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে ইতিহাসের এক বিশাল অংশ হতে যাচ্ছেন। আজ সেই একই গর্ব ও আনন্দ অনুভব করছেন, তবে দায়িত্ববোধ আগের চেয়ে অনেক বেড়েছে।
গুলের তার এই সাফল্যের জন্য রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, তার পরিবার, সতীর্থ, কোচ, স্টাফ এবং বিশ্বজুড়ে থাকা ক্লাবের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের অংশ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
রিয়াল মাদ্রিদের জার্সিতে গুলের ইতিমধ্যে পাঁচটি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ। এছাড়া তুরস্কের হয়ে তিনি ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উল্লেখ্য, ২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফরম্যান্সের জন্য গত সেপ্টেম্বরে তিনি 'ব্রেকথ্রু প্লেয়ার' পুরস্কারে ভূষিত হন।

