মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল ডিএমপি

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। ঘটনাটি প্রত্যক্ষ করার পর পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিষ্ক্রিয় করার সময় বোমাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বোমা উদ্ধারের সময় ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল বলে নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার করা বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইএডি প্রকৃতির। তিনি আরও বলেন, ছাতার ভেতরে কে বা কারা এই বোমা রেখেছে, তা শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে।