কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত, আহত ৮

কলম্বিয়ার উত্তরাঞ্চলের সান লুকাস পর্বতমালা সংলগ্ন সান্তা রোসা দেল সুরের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত তিনজন সেনা নিহত এবং আটজন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। তবে স্বর্ণখনি সমৃদ্ধ এই পাহাড়ি অঞ্চলের ঘাঁটিতে হামলাটি কারা চালিয়েছে, তা দেশটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, পর পর তিনটি শক্তিশালী বিস্ফোরণের পর সামরিক ঘাঁটিটি থেকে ঘন কালো ধোঁয়া বাতাসে উড়ছে। হামলার সময় সেনাবাহিনীর সদস্যরা নিজেদের রক্ষায় বালি ভর্তি বস্তা দিয়ে তৈরি নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিচ্ছেন।

হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শনিবার প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলফ্রেদো দে লা এস্প্রিয়েল্লা। তিনি হুংকার দিয়ে বলেন, “যাঁরা এই হামলার নেপথ্যে রয়েছেন, তাঁদের কোনো লুকানোর জায়গা থাকবে না। আমাদের সৈনিকদের ওপর প্রতিটি হামলা কলম্বিয়া রক্ষায় আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে তোলে।”

চলতি বছরের আগস্ট মাসে রক্ষণশীল নেতা আবেলফ্রেদো দে লা এস্প্রিয়েল্লা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই কলম্বিয়ার বেশ কয়েকটি গ্রামীণ এলাকায় সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। ক্ষমতা গ্রহণের পরই তিনি দেশটির অবশিষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের চলমান শান্তি আলোচনা বাতিল করেন। একইসঙ্গে বিমান হামলা জোরদার করা, কয়েকটি শহরে সেনাবাহিনী মোতায়েন করা এবং ক্যারিবীয় উপকূল থেকে মধ্য কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মতো কৌশলগত পরিকাঠামো সুরক্ষায় যৌথ টাস্কফোর্স গঠনের মাধ্যমে এক আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে তাঁর সরকার।

সরকারের এই কঠোর অবস্থানের মুখে কয়েকটি মাদক চোরাচালানকারী গ্যাং ও বিদ্রোহী গোষ্ঠী সশস্ত্র বাহিনীর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে। এই ধারাবাহিকতায় গত সপ্তাহে তোলিমা প্রদেশে গ্যাস সিলিন্ডার দিয়ে নির্মিত রকেটের সাহায্যে এক সামরিক ঘাঁটিতে হামলায় চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারান। এ ছাড়া সীমান্ত শহর কুকুতায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত বোমা দিয়ে একাধিকবার পুলিশ বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে।

আগস্টের আগে পূর্ববর্তী সরকার বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে গেলেও তাতে তেমন সাফল্য আসেনি। দে লা এস্প্রিয়েল্লার প্রশাসনের দাবি, সরকার ঘোষিত অস্ত্রবিরতির সুযোগ নিয়ে সশস্ত্র ও মাদক চোরাচালানকারী দলগুলো গ্রামীণ এলাকায় তাদের প্রভাব ও শক্ত অবস্থান সুসংহত করেছে। সেখানে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে চাঁদাবাজি এবং অবৈধ মাদকের কারবার চালিয়ে তারা অর্থ উপার্জন করে আসছিল। তা ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে সাবেক ফার্ক (FARC) গেরিলাদের ছেড়ে যাওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে ছোট ছোট বিভিন্ন সশস্ত্র দল একে অপরের বিরুদ্ধে রক্তাক্ত সংঘাত চালিয়ে যাচ্ছে।

হামলাস্থল সান্তা রোসা দেল সুর অঞ্চলটি মূলত স্বর্ণখনিতে সমৃদ্ধ হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় 'গালফ ক্ল্যান', ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং সাবেক ফার্ক সদস্যদের নেতৃত্বাধীন ছোট ছোট দলগুলোর মধ্যে দখলদারি নিয়ে সংঘাত চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা ‘এসিএলইডি’ (ACLED)-এর তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর পর্যন্ত শেষ চার সপ্তাহে কলম্বিয়ার সরকারি বাহিনী ও অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে মোট ৩৪টি বোমা বা বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে, যা বিগত বছরের চার সপ্তাহের গড় তুলনামূলক হারের চেয়ে ৯ শতাংশ বেশি।

শিরোনাম :
ইমান খেলিফের পেশাদার বক্সিংয়ে ফেরা নিয়ে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা টিকনারের কভার হিসেবে ক্লার্ক দলে, শেষ দুই ওয়ানডে থেকে বাদ ফার্গুসন ইউভেন্টাসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর খেলোয়াড়দের ক্ষুব্ধ হওয়া উচিত: ভানোলি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান, ঘূরে দাঁড়াল শেয়ারবাজার কপ৩১ সম্মেলনে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফলের তাগিদ আয়োজকদের রিয়াদের আরামকো টাওয়ারে হুথিদের বিমান হামলা গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদমান পেন্টাগন প্রধান হেগসেথকে ‘অযোগ্য’ বললেন নবনির্বাচিত কংগ্রেস সদস্য ন্যান্সি লাকোর সুদান সেনাবাহিনীর হাতে ফের গ্রেপ্তার আইসিসি পরোয়ানাভুক্ত আহমেদ হারুন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার ইমান খেলিফের পেশাদার বক্সিংয়ে ফেরা নিয়ে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা টিকনারের কভার হিসেবে ক্লার্ক দলে, শেষ দুই ওয়ানডে থেকে বাদ ফার্গুসন ইউভেন্টাসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর খেলোয়াড়দের ক্ষুব্ধ হওয়া উচিত: ভানোলি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান, ঘূরে দাঁড়াল শেয়ারবাজার কপ৩১ সম্মেলনে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফলের তাগিদ আয়োজকদের রিয়াদের আরামকো টাওয়ারে হুথিদের বিমান হামলা গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদমান পেন্টাগন প্রধান হেগসেথকে ‘অযোগ্য’ বললেন নবনির্বাচিত কংগ্রেস সদস্য ন্যান্সি লাকোর সুদান সেনাবাহিনীর হাতে ফের গ্রেপ্তার আইসিসি পরোয়ানাভুক্ত আহমেদ হারুন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার