জনপ্রিয় গেম শো 'জেপার্ডি!' (Jeopardy!) এর সাতবারের চ্যাম্পিয়ন এবং শিক্ষক ড. কোর্টনি শাহ ৫২ বছর বয়সে মারা গেছেন। মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই তিনি নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে মায়া শাহ।
মায়া শাহ নন-প্রফিট অনলাইন নেটওয়ার্ক কেয়ারিংব্রিজে (CaringBridge) একটি আবেগঘন বার্তায় জানান, দীর্ঘ সময় ক্যান্সারের সাথে লড়াই করার পর তার মা এখন শান্তিতে আছেন। তিনি আরও বলেন, "আমরা এই পৃথিবীতে তাকে ভালোবেসেছি, এই পৃথিবীর বাইরেও তাকে ভালোবাসি এবং ভবিষ্যতেও আমাদের ভালোবাসা অব্যাহত থাকবে।"
চলতি বছরের মার্চ মাসে কোর্টনি শাহ জানতে পারেন যে তার ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন এবং কেমোথেরাপি আর কাজ করছে না। এরপর থেকেই তিনি বাড়িতে হসপিস কেয়ারে ছিলেন।
জেপার্ডি কর্তৃপক্ষ সোমবার, ২৭ জুলাই এক বিবৃতিতে কোর্টনি শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তারা তাকে একজন অদম্য ও মেধাবী 'টুর্নামেন্ট অফ চ্যাম্পিয়নস' প্রতিযোগী হিসেবে উল্লেখ করে তার পরিবার, বন্ধু এবং যাদের জীবনে তিনি স্পর্শ রেখে গেছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছে।
কোর্টনি শাহ লোয়ার কলম্বিয়া কলেজের ইতিহাসের শিক্ষক ছিলেন। ২০২১ সালে তিনি জেপার্ডি গেম শোতে অংশ নিয়ে এক সপ্তাহে টানা সাতবার বিজয়ী হয়ে ১১৮,৫৫৮ ডলার জিতে ইতিহাস তৈরি করেন। এরপর অষ্টম ম্যাচে তিনি আরও ২,০০০ ডলার অর্জন করেন। শোটির একটি আর্কাইভ ক্লিপে কোর্টনিকে বলতে শোনা যায়, "আমি কখনোই ভাবিনি যে আমি এখানে পৌঁছাতে পারব। এটা যেন এখনও আমার কাছে অবাস্তব মনে হয়।"
২০২২ সালে তিনি জেপার্ডির 'টুর্নামেন্ট অফ চ্যাম্পিয়নস'-এর কোয়ার্টার ফাইনালে অংশ নেন। সেখানে রোয়ান ওয়ার্ড ও জন ফখটের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। শেষ পর্যন্ত জন ফখটের কাছে হারলেও, তিনি এবং রোয়ান ওয়ার্ড প্রত্যেকে ৫,০০০ ডলার পুরস্কার পান।
কোর্টনি শাহের মেয়ে মায়া তার মায়ের স্মৃতিচারণ করে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আমার মায়ের গল্প বলুন, মোমবাতি জ্বালান, প্রার্থনা করুন। তার উপস্থিতির উপহারকে সম্মান জানাতে অর্থপূর্ণ কিছু করুন।"

