কিউবার রাজধানী হাভানার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দেশটির সবচেয়ে বড় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা 'ম্যারাভানা' অনুষ্ঠিত হয়েছে। রোববারের এই আয়োজনে হাজার হাজার মানুষ অংশ নেন। তবে দৌড় প্রতিযোগিতার পাশাপাশি অনেক অংশগ্রহণকারী মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই ইভেন্টকে বেছে নেন।
দৌড়বিদরা হাভানার আইকনিক রাস্তা এবং পাসিও দেল প্রাডো ও ক্যাপিটল বিল্ডিংয়ের মতো ঐতিহাসিক স্থাপনাগুলোর পাশ দিয়ে দৌড়ান। প্রায় ৩,০০০ অংশগ্রহণকারীর অনেকের পিঠেই লেখা ছিল, 'কিউবা কোনো হুমকি নয়; অবরোধই আসল হুমকি'। অংশগ্রহণকারীদের মধ্যে অনেক পরিবার, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিও ছিলেন, যাদের উৎসাহ দিতে রাস্তার পাশে ভিড় করেছিলেন দর্শকরা।
১৯৬০ সালে ফিদেল কাস্ত্রো বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসক ফুলগেন্সিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করেন এবং মার্কিন নাগরিকদের মালিকানাধীন সম্পদ জাতীয়করণ করেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কিউবার ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে কিউবার অর্থনীতি চরম সংকটের মুখে পড়েছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই সতর্কবার্তার ফলে কিউবায় জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট এবং ইন্টারনেট ও টেলিফোন সেবা বিঘ্নিত হচ্ছে।
দৌড়ানোর সময় ৫৮ বছর বয়সী সরকারি কর্মচারী ইউরালদি কাভা বলেন, 'এই অবরোধ কিউবার জনগণকে দমিয়ে রাখছে। আমরা এই লড়াইয়ে জিতব।' নিষেধাজ্ঞার কঠোর প্রভাবে মেলিয়া হোটেলস ইন্টারন্যাশনালসহ দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক থাকা অনেক কোম্পানি কিউবা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশিদের অনেককে 'কিউবা একা নয়' লেখা লাল-সাদা সোয়েটশার্ট পরে সংহতি প্রকাশ করতে দেখা গেছে।

