মহাকাশে একটি বিরল শ্বেত বামন বা ‘হোয়াইট ডোয়ার্ফ’ নক্ষত্রের চারপাশে দুটি পৃথক ধ্বংসাবশেষের বলয় আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ‘জে১৩২৮-১৪৫০’ (J1328−1450) নামের এই শ্বেত বামনটি ঘিরে থাকা জোড়া বলয়ের কাঠামোটি শত কোটি বছর পর আমাদের সৌরজগতের শেষ পরিণতি কেমন হতে পারে, তার এক সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে।
পৃথিবী থেকে প্রায় ১,৬০০ আলোকবর্ষ দূরে ‘কন্যা’ (Virgo) নক্ষত্রমণ্ডলে অবস্থিত এই শ্বেত বামনটি চিলিতে স্থাপিত ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির ‘ভেরি লার্জ টেলিস্কোপ’ (VLT) দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, তারকার তাণ্ডবপূর্ণ রূপান্তরের পরও টিকে থাকা দুটি শিলাযুক্ত মহাজাগতিক বস্তুর প্রভাবেই এই দ্বৈত ধ্বংসাবশেষ বলয়ের সৃষ্টি হয়ে থাকতে পারে।
বিজ্ঞান সাময়িকী ‘নেচার অ্যাস্ট্রোনমি’-তে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, গ্রহমণ্ডলীর অবশিষ্টাংশ আগে যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও অনেক বেশি জটিল রূপ নিতে পারে। এই আবিষ্কারের আগে জ্যোতির্বিজ্ঞানীরা ধ্বংসাবশেষের চাকতি রয়েছে এমন ২১টি শ্বেত বামন চিহ্নিত করলেও সেগুলোর প্রতিটিতে একটি করেই বলয় দেখা গিয়েছিল। তবে জে১৩২৮-১৪৫০ নক্ষত্রটিতে প্রথমবারের মতো জোড়া বলয় বিশিষ্ট পরিকাঠামো প্রত্যক্ষ করা গেল।
গবেষণাপত্রের অন্যতম লেখক ও চিলির ইউনিভার্সিদাদ তেকনিকা ফেদেরিকো সান্তা মারিয়ার জ্যোতির্বিজ্ঞানী ফেলিপে লাগোস-ভিলচেস জানান, একটি গ্রহমণ্ডলীর অবশিষ্টাংশ যে পূর্বে ভাবার চেয়ে অনেক বেশি জটিল কাঠামোর হতে পারে, এই আবিষ্কার তারই প্রমাণ। পাশাপাশি কোনো নক্ষত্র শ্বেত বামনে রূপান্তরিত হওয়ার পরও শিলাযুক্ত বস্তু টিকে থাকতে পারে—এই ধারণাকেও এটি জোরদার করে। তিনি উল্লেখ করেন, লাল দানবে রূপান্তরিত হওয়ার আগে এই নক্ষত্রটিতেও হয়তো একটি গ্রহমণ্ডল ছিল, যার ভেতরের গ্রহগুলো নক্ষত্রের পেটে চলে গেলেও দূরের কিছু মহাজাগতিক বস্তু বেঁচে গিয়েছিল।
লাগোস-ভিলচেস আরও স্পষ্ট করেন যে গ্রহমণ্ডলটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি। বেঁচে যাওয়া কিছু শিলাযুক্ত বস্তু মহাকর্ষীয় প্রভাবের কারণে চরম উৎকেন্দ্রী কক্ষপথে চালিত হয়ে শ্বেত বামনটির কাছাকাছি চলে আসে।
বিজ্ঞানীদের ধারণা, আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর আমাদের সূর্যও তার জ্বালানি নিঃশেষ করে ফেলবে এবং আকারে বিকশিত হয়ে একটি ‘লাল দানব’ বা রেড জায়ান্টে পরিণত হবে। পরবর্তীতে বাইরের স্তরগুলো ছড়িয়ে ফেলে কেন্দ্রে রেখে যাবে কেবল একটি ঘন শ্বেত বামন নিউক্লিয়াস। সেই রূপান্তরকালে প্রসারিত সূর্যের গ্রাসে বুধ ও শুক্র গ্রহ বিলীন হয়ে যাবে, তবে পৃথিবী শেষ পর্যন্ত টিকবে নাকি ধ্বংস হবে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও সুনির্দিষ্ট ঐকমত্য হয়নি।
অন্যদিকে বৃহস্পতি, শনি এবং আরও দূরের মহাজাগতিক বস্তুগুলোর বেঁচে থাকার সম্ভাবনা বেশি বলে ধরা হচ্ছে। তবে সূর্য শ্বেত বামনে পরিণত হওয়ার পর টিকে যাওয়া গ্রহ, উপগ্রহ বা গ্রহাণুগুলো পরবর্তীতে প্রবল মহাকর্ষীয় টানে কাছে এসে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেতে পারে। লাগোস-ভিলচেসের মতে, জে১৩২৮-১৪৫০ নক্ষত্রের চারপাশের মতো ধ্বংসাবশেষ বলয় মূলত বহুদূর ভবিষ্যতে আমাদের নিজস্ব সৌরজগতেরই একটি সম্ভাব্য ধাপের প্রতিনিধিত্ব করতে পারে।

