এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সাথে তাদের সব সীমান্ত ক্রসিং পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর নির্দেশে এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ঘাতমূলক হামলার চেষ্টার প্রেক্ষাপটে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস্তোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থ্রিড সিস্টেমস-এ অগ্নিসংযোগের চেষ্টার সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টেন মাইকেল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, শনিবার রাতে এই সাবোটাজ বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডটি পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাকনা এক্সে দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার এই ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের অবশ্যই পরিণাম ভোগ করতে হবে। তিনি আরও বলেন, এস্তোনিয়ার নিরাপত্তা অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি এই সিদ্ধান্তের কথা ফিনল্যান্ড, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের অবহিত করেছেন।
এস্তোনিয়ার এই সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মস্কো বরাবরই ইউরোপীয় কর্তৃপক্ষের তোলা সাবোটাজ বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।
বর্তমানে এস্তোনিয়ার নারভা, লুহামা এবং কোইডুলা—এই তিনটি সীমান্ত ক্রসিং দিয়ে পথচারী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। তবে সীমান্ত বন্ধের এই নির্দেশ কতদিন কার্যকর থাকবে বা এর কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।

