ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের সেরং জেলায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কারখানায় শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাকার্তার অদূরে অবস্থিত এই কারখানাটি মিল্কিটা ব্র্যান্ডের দুধের ক্যান্ডি ও স্ন্যাকস পণ্য তৈরির জন্য পরিচিত। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, কারখানাটি থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে চারজন আহত অবস্থায় রয়েছেন। অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও নিখোঁজ ৩৬ কর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বানতেন অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার অপারেশন কর্মকর্তা রিজকি দউইয়ান্তো জানিয়েছেন, অগ্নিনির্বাপক বাহিনী এখনো বিভিন্ন স্থানে আগুন নেভানো এবং শীতলীকরণের কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, তিনতলা কারখানাটি আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। কারখানার ভেতরে মেঝেতে ধাতব ধ্বংসাবশেষ, পোড়া টিন ও অন্যান্য আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। কারখানার বাইরে নিখোঁজ স্বজনদের সন্ধানে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। উদ্ধারকারী দল, স্থানীয় ফায়ার সার্ভিস এবং ইন্দোনেশিয়ান রেড ক্রস যৌথভাবে কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে। বেঁচে যাওয়া কর্মীদের ভাষ্যমতে, আগুনটি কারখানার তৃতীয় তলার একটি কুলিং ইউনিট থেকে সূত্রপাত হয়েছে। তবে নিখোঁজ কর্মীরা অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরেই ছিলেন কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা শিল্প কারখানায় কর্মক্ষেত্রের নিরাপত্তা মান এবং জরুরি প্রস্তুতির ঘাটতি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

