ছুটির মৌসুমের কেনাকাটা নিয়ে আমেরিকানদের মধ্যে আর্থিক উদ্বেগের হার অনেক বেশি। একটি নতুন জরিপ অনুযায়ী, অর্ধেকেরও বেশি মার্কিনি এই মৌসুমে অর্থ নিয়ে চিন্তিত। এদের মধ্যে ৩২ শতাংশ মানুষ অতিরিক্ত খরচের চাপে ভুগছেন এবং ৩০ শতাংশ তাদের জরুরি জমানো টাকা খরচ করতে বাধ্য হচ্ছেন।
ইনটুইট ক্রেডিট কার্মার কনজিউমার ফিন্যান্সিয়াল অ্যাডভোকেট কোর্টনি আলেভ ইউএসএ টুডেকে জানিয়েছেন, ছুটির মৌসুমের আনন্দ ও আর্থিক চাপের মধ্যে এক অদ্ভুত ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। জরিপে অংশ নেওয়াদের ৩৪ শতাংশের আগে থেকেই ক্রেডিট কার্ডের ঋণ রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর এই চাপ বেশি; ৪৩ শতাংশ জেন জেড এবং ৪৪ শতাংশ মিলেনিয়ালস তাদের খরচের চাপের কথা স্বীকার করেছেন। এছাড়া, শিক্ষার্থী ঋণ থাকা জেন জেড এবং মিলেনিয়ালদের এক-তৃতীয়াংশ ছুটির খরচের জন্য ঋণের কিস্তি কমানোর বা বাদ দেওয়ার পরিকল্পনা করছেন।
ওয়ারসেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের বিহেভিয়ারাল ইকোনমিক্সের সহযোগী অধ্যাপক আলেকজান্ডার স্মিথ জানান, সামাজিক প্রত্যাশা ও মানুষের সাথে মিলেমিশে কাজ করার প্রবণতা খরচ কমানোকে কঠিন করে তোলে। তবে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মানুষকে এখন সতর্ক হতে বাধ্য করছে। জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ মানুষ উচ্চ খরচের কারণে এবার ঐতিহ্যবাহী উৎসবগুলো এড়িয়ে চলার পরিকল্পনা করছেন, যার মধ্যে ২৮ শতাংশ বাইরের খাবার এবং ২২ শতাংশ ছুটি কাটানো কমিয়ে দেবেন। ৪১ শতাংশ মানুষ প্রিয়জনদের সাথে তাদের সামর্থ্য নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।
স্মিথের মতে, সমাজে টাকা নিয়ে খোলামেলা কথা বলার সংস্কৃতি নেই, যা একটি বড় চ্যালেঞ্জ। তবে স্বচ্ছতা বজায় রেখে আর্থিক পরিস্থিতির কথা জানানো মানসিক স্বস্তি দেয় এবং পারস্পরিক সহমর্মিতা তৈরি করে। আলেভের পরামর্শ অনুযায়ী, বড় কোনো আলোচনার আগে এক বা দুইজনের সাথে কথা বলে দেখা যেতে পারে, এতে অনেকে স্বস্তি বোধ করেন এবং একে অপরের পরিস্থিতি বুঝতে পারেন।
বিশেষজ্ঞরা একটি বাস্তবসম্মত বাজেট তৈরির ওপর জোর দিয়েছেন। আলেভ বলেন, শুধু উপহার নয়, ভ্রমণ এবং ইভেন্টের মতো অন্যান্য খরচগুলোও বাজেটে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া, বিদ্যুৎ বিল বা গাড়ির মেরামতের মতো অপ্রত্যাশিত খরচের জন্য কিছু বাড়তি অর্থ আলাদা রাখা উচিত। স্মিথ মনে করেন, একদম সব খরচ বন্ধ না করে পরিমিতিবোধ বজায় রাখাই উত্তম। উপহারের পরিবর্তে ব্যক্তিগত কোনো ইউনিক উপহার দেওয়া বা সবাই মিলে আনন্দদায়ক কোনো গ্রুপ অ্যাক্টিভিটির আয়োজন করা একটি ভালো বিকল্প হতে পারে। এছাড়া অনেকে পুরনো জিনিস কেনা বা 'থ্রিফটমাস'-এর মতো বিকল্প বেছে নিচ্ছেন।
আলেভ আরও বলেন, প্রিয়জনদের সাথে আর্থিক সীমাবদ্ধতা নিয়ে কথা বললে তারা বুঝতে পারবেন, কারণ তারা আপনার ভালো চান। কারও কাছ থেকে অতীতে দামি উপহার পেয়েছেন বলে এখন ঋণ করে পাল্টা উপহার দেওয়ার চাপ অনুভব করার কোনো প্রয়োজন নেই।

