আমিরাতি কিউরেটর হুর আল কাসিমি ভেনিস বিয়েনালে সমসাময়িক শিল্প প্রদর্শনীর নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘোষণা আসে, যা তাকে এই মর্যাদাপূর্ণ প্রদর্শনীর ইতিহাসে প্রথম আরব এবং সপ্তম নারী কিউরেটর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রদর্শনীর দায়িত্ব পালন করবেন তিনি।
হুর আল কাসিমি শারজাহ আর্ট ফাউন্ডেশনের নেতৃত্ব দিচ্ছেন। ২০০৯ সালে সমসাময়িক শিল্পকলাকে উৎসাহিত করতে এবং আমিরাতে সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে তিনি এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। এছাড়া ২০০৩ সাল থেকে তিনি শারজাহ বিয়েনালের দায়িত্ব পালন করে আসছেন। তিনি শারজাহর শাসকের কন্যা এবং ২০১৫ সালে ভেনিসে সংযুক্ত আরব আমিরাতের প্যাভিলিয়নের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
শিল্পকলা বিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন 'আর্টরিভিউ' তাদের ২০২৪ সালের 'পাওয়ার ১০০' তালিকায় হুর আল কাসিমিকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শিল্প ব্যক্তিত্ব হিসেবে প্রথম স্থানে রেখেছে। মূলত পশ্চিমা মূলধারার বাইরের শিল্পীদের প্রতি তার অসামান্য সমর্থনের জন্যই তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
একজন কিউরেটর হিসেবে হুর আল কাসিমির মূল দায়িত্ব হবে ৬২তম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর জন্য একটি সাংগঠনিক প্রতিপাদ্য নির্ধারণ করা এবং মূল প্রদর্শনীতে শিল্পীদের নির্বাচন করা। তার এই ভিশন বা দৃষ্টিভঙ্গি অনুযায়ীই বিভিন্ন দেশের প্যাভিলিয়নগুলো তাদের কার্যক্রম সাজিয়ে থাকে।
এই নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হুর আল কাসিমি বলেন, 'লা বিয়েনালে দি ভেনিসিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী সারা বিশ্বের অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ২০০৫ সালে আমি প্রথমবার ভেনিস বিয়েনালে পরিদর্শন করি। আমার কাছে, লা বিয়েনালে প্রভাবশালী শিল্পী এবং কিউরেটরদের কাজের সাথে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেই বিবেচিত হয়।'
উল্লেখ্য যে, সম্প্রতি প্রয়াত কিউরেটর কোয়ো কুওহর তত্ত্বাবধানে ৬১তম বিয়েনালে প্রদর্শনী শেষ হয়েছে। তবে সেই আসরটি বেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। রাশিয়া ও ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে আন্তর্জাতিক জুরি প্যানেল পদত্যাগ করেছিল এবং অনেক শিল্পী প্রতিবাদস্বরূপ প্রদর্শনী থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিলেন।

