ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের পর ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশালাকার সুপারট্যাংকার ডুবে গেছে। রবিবার এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে চলাচলের সময় মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি ছিল এটি। তবে এ ঘটনার কোনো স্বাধীন বা নিরপেক্ষ সত্যতা এখনো পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করেছে, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে অননুমোদিত রুট দিয়ে যাত্রা করা দুটি তেল ট্যাংকার নৌমাইনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। সংস্থাটি আরও জানায়, এগুলোর মধ্যে ২ মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার পারস্য উপসাগরের দক্ষিণ জলসীমায় ডুবে গেছে। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম বা উৎস কোনো পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের তরফ থেকে হরমুজ প্রণালীতে জাহাজে আগুন লাগার একাধিক ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে প্রায়শই সেগুলো মাইনের আঘাতের কারণে ঘটেছে বলে দাবি করা হয়। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড গত মাসে জানিয়েছিল যে তারা গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১.৫ বিলিয়ন বা ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা প্রদান করেছে।
এদিকে, ব্রিটিশ সামুদ্রিক পর্যবেক্ষক সংস্থা ইউকেএমটিওর (যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস) পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগরে এক ট্যাংকারে হামলার বিষয়ে ভারতীয় নৌ কর্তৃপক্ষের এক প্রতিবেদনের কথা তারা জেনেছে। তবে এটি ইরানের ঘোষিত একই ঘটনা কি না, তা এখনো স্পষ্ট নয়। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা পরিবেশগত প্রভাব পড়েছে তা অজানা হলেও জাহাজের ক্রু সদস্যরা নিরাপদে আছেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই এই আন্তর্জাতিক জলপথে নৌচলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে তেহরান। তাদের দাবি, হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে কেবল ইরান কর্তৃক অনুমোদিত পথই ব্যবহার করতে হবে। যেসব জাহাজ অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করে, তেহরান নিয়মিত সেগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দরের ওপর নৌ অবরোধ জারি করে। যদিও সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল যে তারা হরমুজ প্রণালীর প্রধান রুটগুলো থেকে সমস্ত মাইন অপসারণ করতে সক্ষম হয়েছে।

