ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ অঞ্চলে অবস্থিত সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের দুটি তেল পাম্পিং স্টেশন লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
একই সাথে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি আর্থিক কেন্দ্র লক্ষ্য করেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এছাড়া দক্ষিণ ইয়েমেনের কাওয়া সামরিক ক্যাম্প এবং পার্শ্ববর্তী লাহিজ প্রদেশের বিভিন্ন অবস্থানে সৌদি বাহিনীকে লক্ষ্য করে আরও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে তারা।
এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনেও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন। তবে এসব হামলার দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

