যুক্তরাষ্ট্রে ২০২৬ অর্থবছরে রেকর্ড ৪.৮৩ লাখ অভিবাসী বহিষ্কার

আমেরিকার অভ্যন্তরীণ অভিবাসনবিরোধী অভিযানের ব্যাপকতা নিয়ে মার্কিন ভোটারদের রাজনৈতিক বিতর্কের মধ্যেই ২০২৬ অর্থবছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন মানুষকে বহিষ্কার (ডিপোর্টেশন) করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) নতুন পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। এটি আইসের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ বহিষ্কারের ঘটনা, যা ২০২৫ অর্থবছরের পূর্ববর্তী রেকর্ড ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকেও অতিক্রম করেছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া এই অর্থবছরে সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে প্রায় ৪ লাখ ৭৫ হাজারই ছিল প্রশাসনিক গ্রেপ্তার—যা কোনো ফৌজদারি অপরাধের বদলে দেওয়ানি বিধান লঙ্ঘনের দায়ে করা এক নতুন রেকর্ড।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে এই ব্যাপক অভিযান। সীমান্ত এলাকা থেকে বহু দূরের শহর ও কমিউনিটিগুলোতে অভ্যন্তরীণ এনফোর্সমেন্ট ও নতুন প্রশাসনিক নীতির মাধ্যমে এই তৎপরতা জোরদার করা হয়। তবে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প রাজনৈতিকভাবে এক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নির্বাচনের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তাঁর পরিচালিত বহিষ্কার অভিযানের কিছু পদক্ষেপ হয়তো অতিরিক্ত কঠোর হয়ে গিয়েছিল। অবশ্য এই স্বীকারোক্তির পরেই তিনি তাঁর সবচেয়ে কঠোর অভিবাসন নীতির প্রধান রূপকার স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে উন্নীত করেন।

এই পরিসংখ্যানের মধ্য দিয়ে আমেরিকান জনমতের একটি বৈপরীত্যও প্রকাশ পেয়েছে। সিবিএস নিউজের সাম্প্রতিক জনমত সমীক্ষায় দেখা গেছে, সীমান্ত নিরাপত্তার বিষয়ে অধিকাংশ মার্কিন নাগরিকের সমর্থন থাকলেও দেশজুড়ে বিভিন্ন লোকালয়ে যেভাবে অভিবাসন আইন প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ বাড়ছে। ডিএইচএস জানিয়েছে, এবারের বার্ষিক বহিষ্কারের সংখ্যা ২০১২ অর্থবছরে ওবামা প্রশাসনের সময়কার পূর্ববর্তী মাইলফলক (৪ লাখ ৯ হাজার ৮৪৯ জন) থেকে প্রায় ১৮ শতাংশ বেশি। এছাড়া জো বাইডেন প্রশাসনের শেষ পূর্ণাঙ্গ বছর ২০২৪ অর্থবছরের ২ লাখ ৭১ হাজার ৪৮৪ জনের তুলনায় এই সংখ্যা প্রায় ৭৮ শতাংশ বেশি।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, কেবল ২০২৬ সালের আগস্ট মাসেই আইস ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করে, যা জুলাইয়ের রেকর্ডকে ছাড়িয়ে যায়। সেপ্টেম্বর মাসেও সংস্থাটি প্রতি মাসে ৪৮ হাজারের বেশি গ্রেপ্তার বজায় রেখেছিল। তবে আইসের প্রকাশিত বহিষ্কারের রেকর্ড মানেই যে আনুষ্ঠানিকভাবে আদালত কর্তৃক প্রথাগত রিমুভাল অর্ডার বাস্তবায়ন হয়েছে তা নয়। কারণ এতে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) পদক্ষেপ বা স্বেচ্ছায় দেশত্যাগ ও প্রত্যাবর্তনের অন্যান্য হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ট্রানজেকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিংহাউসের (ট্র্যাক/TRAC) এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের জুলাই ও আগস্টে আইসের বহিস্কারের মাত্র ৬৩ শতাংশ ছিল আনুষ্ঠানিক রিমুভাল, বাকি অংশ ছিল স্বেচ্ছায় চলে যাওয়া ও প্রত্যাবর্তন।

ডিএইচএস সচিব মার্কওয়েইন মুলিন এক বিবৃতিতে আইস কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করে বলেন, "আমি আইসের সাহসী নারী ও পুরুষদের জন্য অত্যন্ত গর্বিত, যারা আবারও নতুন ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। ২০২৬ অর্থবছরে সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বহিষ্কার ও গ্রেপ্তার সম্পন্ন হয়েছে। বাইডেন প্রশাসনের টানা তিন বছরের মোট গ্রেপ্তারের চেয়েও ২০২৬ অর্থবছরে আইসের গ্রেপ্তারের সংখ্যা বেশি। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের কারণেই আইস অবৈধ অভিবাসীদের অপসারণ করতে সমর্থ হয়েছে।"

ট্রাম্প প্রশাসন শুরু থেকেই এই অভিযানকে জননিরাপত্তা রক্ষার মিশন হিসেবে উপস্থাপন করেছে এবং গুরুতর অপরাধে অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। ডিএইচএস ২০২৬ সালের এমন কিছু দৃষ্টান্ত উল্লেখ করেছে, যার মধ্যে রয়েছে ভার্জিনিয়ায় ২ বছরের এক শিশুকন্যাকে হত্যা ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মেক্সিকান নাগরিক রাউল জেনেসিস ওরটিজ মোরোন এবং নিউইয়র্কে নিজের নবজাতক সন্তানকে হত্যার চেষ্টার দায়ে দণ্ডিত হন্ডুরাসের নাগরিক সোইলি সিওমারা এপারিসিও-সান্তোস, যাকে এপ্রিলে বহিষ্কার করা হয়েছিল।

তবে এই ধরনের গুরুতর অপরাধের মামলাগুলো লাখ লাখ মানুষের সাধারণ গ্রেপ্তারের প্রতিনিধিত্ব করে না। সিবিএস নিউজের ২০২৬ সালের আগস্টের এক বিশ্লেষণে দেখা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো জুলাই মাসে গ্রেপ্তার হওয়া অর্ধেকেরও বেশি অভিবাসীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো অপরাধের দণ্ড বা পেন্ডিং কোনো মামলা ছিল না। আইস হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ৬ শতাংশের বিরুদ্ধে সহিংস অপরাধের দণ্ড ছিল। এছাড়া স্বাধীন গবেষণা সংস্থা মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত আইস ও সিবিপির পরিচালিত ৯ লাখ ৮০ হাজার বহিষ্কারের মধ্যে মাত্র ২০ শতাংশ মানুষের কোনো ফৌজদারি দণ্ড ছিল। আর যারা অন্তত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, তাদের ৭১ শতাংশেরই কোনো অপরাধের রেকর্ড ছিল না।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের এক্সিট পোলে ৫৮ শতাংশ ভোটার বলেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান অতিমাত্রায় কঠোর হয়ে পড়েছে। ২২ শতাংশ বিষয়টিকে সঠিক বলেছেন এবং ২০ শতাংশ মনে করেন তা যথেষ্ট ছিল না। 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে সিবিএস নিউজের সাংবাদিক রস ডাউথাটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, "আমার মনে হয় এটি কিছুটা বেশি কঠোর ছিল।" ট্রাম্প জানান, সীমান্ত রক্ষা ও বিপজ্জনক অপরাধীদের সরানোর ক্ষেত্রে প্রশংসা পেলেও চাকরিজীবী ও করদাতা দীর্ঘদিনের অভিবাসীদের বহিষ্কার করায় তাঁর প্রশাসন সমালোচিত হয়েছে। সাক্ষাৎকারে তিনি ডেমোক্র্যাটদের সাথে নতুন অভিবাসন আইন পাসের আগ্রহের কথাও প্রকাশ করেন।

অন্যদিকে স্টিফেন মিলার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রশাসন এই অভিযান শিথিল করবে না বলেই আভাস পাওয়া যাচ্ছে। একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের পর প্রতি সপ্তাহে অন্তত ১৯ হাজার অভিবাসী গ্রেপ্তারের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তা এখনও বহাল রয়েছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এবং প্রশাসনের এই অভিযানে কড়াকড়ি নজরদারির পরিকল্পনা করছে। তবে ২০২৫ সালের জুলাইয়ে পাস হওয়া আয়-ব্যয় আইনে সীমান্ত নিরাপত্তা ও আইসের জন্য যে ১৭০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল (যার মধ্যে আইসের অতিরিক্ত ৭৫ বিলিয়ন ডলারের বড় অংশই আটক কেন্দ্র ও অপারেশনাল কাজে নির্দিষ্ট), তার ফলে কংগ্রেসের রাজনৈতিক হস্তক্ষেপর সুযোগ সীমিত হতে পারে।

শিরোনাম :
আইপিএল ২০২৭ থেকে নাম সরিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড আলেসান্দ্রো বাস্তোনিকে দলে টানতে আগ্রহী চেলসি এফএএ আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে সিনেটে সংশয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস হাসপাতাল ছাড়লেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু লামার জ্যাকসনকে চলতি মৌসুমে না খেলার পরামর্শ শ্যানন শার্পের ওয়ান্ডারার্স টেস্টে বড় লিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মোইসে কিনের চোট, নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো এফএএ গ্রাউন্ড স্টপের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে গেলেন মুলিন বিমান নিরাপত্তা বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাল মার্কিন কংগ্রেস আইপিএল ২০২৭ থেকে নাম সরিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড আলেসান্দ্রো বাস্তোনিকে দলে টানতে আগ্রহী চেলসি এফএএ আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে সিনেটে সংশয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস হাসপাতাল ছাড়লেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু লামার জ্যাকসনকে চলতি মৌসুমে না খেলার পরামর্শ শ্যানন শার্পের ওয়ান্ডারার্স টেস্টে বড় লিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মোইসে কিনের চোট, নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো এফএএ গ্রাউন্ড স্টপের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে গেলেন মুলিন বিমান নিরাপত্তা বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাল মার্কিন কংগ্রেস